১৪ বছর পর ফেদেরারের দ্রুত বিদায়

সবচেয়ে বেশি ১৭ গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেদেরার। র্যাঙ্কিংয়ে অবস্থান দুইয়ে। অন্যদিকে আন্দ্রেয়াস সেপ্পির নামের পাশে লেখা নেই কোনো গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি। এ ছাড়া র্যাঙ্কিংয়ে অবস্থান ৪৬। অথচ এই সেপ্পি কিনা অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় করে দিলেন সুইস টেনিস তারকা ফেদেরারকে! ২০০১-এর পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন থেকে দ্রুত বিদায় নিলেন ফেদেরার।
রড লাভের অ্যারেনায় প্রায় তিন ঘণ্টার যুদ্ধে ৬-৪, ৭-৬ (৭/৫), ৪-৬, ৭-৬ (৭/৫) গেমে ফেদেরারকে হারিয়েছেন সেপ্পি। ১১ বারের দেখায় এই প্রথম সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ীকে হারালেন সেপ্পি। ১৪ বছর পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন থেকে দ্রুত বিদায় নিলেন ফেদেরার। অবশ্য ২০১৩ উম্বলডনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন। ২০১২ উম্বলডন জয়ের পর আর কোনো গুরুত্বপূর্ণ শিরোপার দেখা মেলেনি সুইস তারকার।
ফেদেরার-বধের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী ইতালিয়ান টেনিস তারকা। বললেন, ‘আমি কেবল সেন্টার কোর্টে খেলাটাই উপভোগের চেষ্টা করেছি। সেন্টার কোর্টে খেলার সুযোগ সব সময় আসে না। কেবল নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। রজারের বিপক্ষে জেতায় বলব, জীবনের সেরা ম্যাচ ছিল এটা।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।