ফ্লাশিং মিডোতে ভিঞ্চি-রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু আগে গোটা টেনিস-বিশ্বকে চমকে দিয়ে হারিয়েছেন সেরেনা উইলিয়ামসকে। অবিশ্বাস্য এক জয়ের পর প্রিয়জনদের সঙ্গে ইতালির রবার্তা ভিঞ্চি ভেসে গেলেন আবেগে। পরশু ইউএস ওপেনের সেমিফাইনালে l রয়টার্স
একটু আগে গোটা টেনিস-বিশ্বকে চমকে দিয়ে হারিয়েছেন সেরেনা উইলিয়ামসকে। অবিশ্বাস্য এক জয়ের পর প্রিয়জনদের সঙ্গে ইতালির রবার্তা ভিঞ্চি ভেসে গেলেন আবেগে। পরশু ইউএস ওপেনের সেমিফাইনালে l রয়টার্স

‘ভিঞ্চি’ নামটা শুনলে চট করে একজনের কথাই মনে পড়ে। লেওনার্দো দা ভিঞ্চির রক্ত রবার্তা ভিঞ্চির শরীরে বইছে কি না, সেটা অবশ্য এখনো জানা যাচ্ছে না। তবে পরশু ফ্লাশিং মিডোতে যা হলো, তাতে ব্যাপারটা নিয়ে যদি ঐতিহাসিকেরা ঘাঁটাঘাঁটি শুরু করেন, বিস্ময়কর কিছু হবে না। সেমিফাইনালের আগে সেরেনা উইলিয়ামসের পক্ষে বাজির দর ছিল ৩০০-১। ক্যারিয়ারে ২১টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা, হাতছানি দিচ্ছিল ক্যালেন্ডার স্লামের মতো বিরল অর্জন। আর রবার্তা ভিঞ্চি কখনো গ্র্যান্ড স্লামে কোয়ার্টার ফাইনালের চৌহদ্দিই পেরোতে পারেননি। দুজনের আগের লড়াইয়ে সেরেনা তো চারটি ম্যাচ জিতেছেনই, একটা সেটও হারেননি। ম্যাচের আগে সেরেনার জয় নিয়ে সন্দেহ নয়, বরং জয়ের ব্যবধান নিয়ে আলোচনাটাই স্বাভাবিক মনে হচ্ছিল। সেই ম্যাচে শেষ পর্যন্ত ভিঞ্চির ২-৬, ৬-৪, ৬-৪ গেমের জয়টাকে ‘অতি-মানবী-য়’ বললেও তো আসলে কম বলা হয়!
কী কাকতাল, ‘ভিঞ্চি’ শব্দটার আক্ষরিক অর্থও কিন্তু বিজয়ী। তবে পরশু ম্যাচের আগে ৩২ বছর বয়সী ইতালিয়ানকে সেটা মনে করিয়ে দিলে তিনি হয়তো হেসেই উড়িয়ে দিতেন। যে কোর্টে ২০১১ সালের পর থেকে সেরেনা হারেননি, সেখানে র্যাঙ্কিংয়ের ৪৩তম খেলোয়াড় কী করে জয়ের কথা ভাববেন! কিন্তু শেষ পর্যন্ত সেটাই যখন সত্যি হলো, ভিঞ্চি যেন ঘোরের মধ্যে চলে গেলেন, ‘অবিশ্বাস্য। মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। কখনোই ভাবিনি এখানে আমি ওকে হারাব।’
এবারই প্রথম ইউএস ওপেনে ছেলেদের আগেই মেয়েদের ফাইনালের টিকিট বিক্রি হয়ে গেছে। উপলক্ষটা যে সেরেনার ক্যালেন্ডার স্লাম, সেটা বলে না দিলেও চলে। পরশু প্রথম সেটের পর মনে হচ্ছিল, ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ বোধ হয় নিউইয়র্কবাসী পেয়েই যাবে। দ্বিতীয় সেটের শেষেও সেই সম্ভাবনা খুব একটা কমেনি। এই টুর্নামেন্টেই তো আজারেঙ্কা ও বড় বোন ভেনাসের কাছে এক সেট হেরেও তো জিতেছিলেন। তৃতীয় সেটের সপ্তম গেমে যখন ভিঞ্চি ব্রেক করে এগিয়ে গেলেন, সবাই একটু নড়চড়ে বসলেন। সেরেনা তখন যুদ্ধংদেহী ভঙ্গিতে প্রতিটা শটের পর হুংকার ছাড়ছেন, আনফোর্সড এররও করে ফেলেছেন কয়েকবার। বোঝাই যাচ্ছিল, স্নায়ুচাপটা পেয়ে বসেছে তাঁকে। ভিঞ্চি ওদিকে একেবারে ভাবলেশহীন, যেন সেরেনার অসহায়ত্ব তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। আবেগের দ্বারটা খুলে গেল ম্যাচ শেষে। কোর্টের পাশে দাঁড়িয়ে একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, আনন্দের এর চেয়ে বড় বহিঃপ্রকাশ আর কী হতে পারে!
সেরেনা ম্যাচ শেষে অবশ্য দাবি করলেন, চাপ-টাপ টের পাননি। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না চাওয়া, বিশেষ করে ‘আমি বলতে চাই না কতটা হতাশ’—এ ধরনের কথার পর বোঝাই যায়, সেরেনা আসলে হেরে গিয়েছিলেন ম্যাচ শেষের আগেই। ভিঞ্চির সেসব নিয়ে ভাবার সময় ছিল না। দর্শকদের উদ্দেশে হাসতে হাসতেই বললেন, ‘আমেরিকানদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দুঃখিত, আজকের দিনটা আমার ছিল।’ স্বীকার করলেন, ব্যাপারটা অভাবিতই ছিল, ‘ঘুম থেকে ওঠার পর বললাম, আজ সেরেনার সঙ্গে খেলা। আমি শুধু উপভোগ করার চেষ্টা করব। জেতার কথা তো ভাবিইনি।’ হারার ব্যাপারে এতটাই ‘নিশ্চিত’ ছিলেন যে, এজেন্টকে ফাইনালের দিনই দেশের ফেরার বিমানের টিকিট বুক করতে বলে দিয়েছিলেন!
বৃষ্টি বাগড়া না দিলে স্বদেশি ফ্লাভিয়া পেনেত্তার সঙ্গে ‘ইতালিয়ান ডার্বিটা’ হয়ে গেছে কাল রাতেই। ইতালির ছোট্ট শহর তারান্তোতে স্বপ্নের ট্রফিটা ভিঞ্চি নিয়ে যেতে পারবেন কি না, সেটাও এর মধ্যে জেনে গেছেন হয়তো! এএফপি, রয়টার্স, ইএসপিএন।