১৫ বছর বয়সে যখন জুনিয়র উইম্বলডন জয় করলেন, অ্যাশিল বার্টিকে ধরা হচ্ছিল অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ টেনিস তারকা। ২০১৩ সালে ক্যাসি ডেলাকোয়াকে সঙ্গী করে ইউএস ওপেন, উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের বালিকা দ্বৈতের ফাইনাল খেলার পর কুইন্সল্যান্ডের এই তরুণীর ভবিষ্যৎ নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে হুট করেই কেন যেন টেনিস থেকে অনির্দিষ্টকালের ছুটি নিলেন ১৯ বছরের বার্টি। ছুটি কাটিয়েই আবার ফিরেছেন, তবে টেনিসের র্যাকেট হাতে নয়, ক্রিকেটের ব্যাট হাতে। এ বছরেই কুইন্সল্যান্ড ক্রিকেটের সঙ্গে যোগাযোগ করেন বার্টি। যোগ দেন কুইন্সল্যান্ড ফায়ার দলে। গত রোববার প্রথম ম্যাচেই ৬৩ রানের পাশাপাশি নিয়েছেন দুটি উইকেটও। ডিসেম্বরে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া মহিলা বিগ ব্যাশে খেলার জন্য চুক্তিও করে ফেলেছেন ব্রিসবেন হিটের সঙ্গে। তাহলে ক্রিকেটেই কি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ? ক্রিকইনফো।