বলবয়ের গায়ে মেরে বহিষ্কৃত
টেনিস খেলোয়াড়েরা সাবধান! হতাশা প্রকাশ করতে হবে রয়ে-সয়ে। আর না হলে কিন্তু হতে পারে মারিয়া ভিত্তোরিয়া ভিভিয়ানির দশা। অস্ট্রেলিয়ান ওপেনের জুনিয়রদের প্রতিযোগিতায় একটি ভুল করে বসেছিলেন ইতালির এই খেলোয়াড়। চীনের শিন ইয়ু ওয়াংয়ের কাছে প্রথম সেটটা হেরে গিয়েছিলেন ৬-২ গেমে। হতাশায় র্যাকেট দিয়ে মেরে বসলেন বলে। সেটি গিয়ে আঘাত করল এক বলবয়কে। সঙ্গে সঙ্গেই করজোড়ে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। বহিষ্কারই হতে হলো ভিভিয়ানিকে।
র্যাকেট ছুড়ে মারা, নেটের দিকে বল মারা—এই ধরনের কাণ্ড পেশাদার টেনিস খেলোয়াড়েরা মাঝেমধ্যেই করেন। উইম্বলডনে একবার সেরেনা উইলিয়ামসের ছুড়ে মারা র্যাকেট এক ক্যামেরাম্যানকে আঘাতও করেছিল। এই তো গত রোববার রজার ফেদেরারের কাছে হেরে যাওয়ার পর কেই নিশিকোরি হতাশায় র্যাকেট দিয়ে বল মেরেছেন।
এই তারকা খেলোয়াড়দের কাউকেই এর জন্য শাস্তি পেতে হয়নি। বেচারি ভিভিয়ানি ভাবতেই পারেন, দুই নীতির শিকার হয়েছেন তিনি! ফক্স স্পোর্টস