বাংলাদেশের হতে চান সুইডেনের জোনাথন
একবারই বাংলাদেশে এসেছেন, সেটিও মাত্র ৮ বছর বয়সে। বাবার সঙ্গে নৌকায় চড়ে নদীতে ঘুরেছিলেন। বাংলাদেশের স্মৃতি বলতে এটুকুই। জোনাথান মৃধার হৃদয়জুড়ে তবু শুধুই বাংলাদেশ।
পৈতৃক বাড়ি মাগুরায়। বাবা মাহবুবুর রহমান মৃধা ১৯৮৫ সালে সুইডেনে গিয়ে পড়াশোনা শেষে চাকরি নেন সে দেশের একটি ওষুধ কোম্পানিতে। সেখানেই স্প্যানিশ কন্যা মারিয়া বার্সেলোর সঙ্গে পরিচয় ও বিয়ে। জোনাথানের জন্ম ১৯৯৫ সালে। দুই বছর ধরে মাতাচ্ছেন সুইডেনের টেনিস কোর্ট। সুইডেনের হয়ে খেলছেন আন্তর্জাতিক টেনিস। এবার লক্ষ্য বাংলাদেশের পক্ষে খেলা।
জোনাথানের বাবা গত বৃহস্পতিবার ছেলের ইচ্ছের কথা জানিয়ে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে ই-মেইল পাঠিয়েছেন। ই-মেইলে তিনি জোনাথানকে বাংলাদেশের পক্ষে ডেভিস কাপ বা অলিম্পিক গেমসে খেলার সুযোগ দিতে অনুরোধ করেছেন। মেয়ে জেসিকা মৃধাকেও বাংলাদেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার আবেদন করেছেন রহমান মৃধা। জেসিকাও সুইডেনের হয়ে আন্তর্জাতিক টেনিস খেলছেন।
তবে বোনের চেয়ে ভাই জোনাথানই সুইডেনের টেনিস মহলে বেশ পরিচিত। বিওন বোর্গ, স্টেফান এডবার্গ, ম্যাগনাস নরমানদের দেশে জন্ম নিয়ে তাঁর টেনিসে আসাটা ছিল খুবই স্বাভাবিক। কিন্তু সুইডেন জাতীয় দলে জায়গা করে নেওয়া এবং ডেভিস কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একাই ম্যাচ জেতানোটা সহজ নয়। সেই কঠিন কাজটাই সহজে করেছেন ২৫ বছর বয়সী জোনাথান।
‘আমি বাংলাদেশের হয়ে টেনিস খেলতে সব নিয়মকানুন মানতে রাজি। বাবার জন্যই বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি বাংলাদেশকে ভালোবাসি।’জোনাথন মৃধা
গত বছর ওয়ার্ল্ড টেনিস ট্যুরের এককে জোনাথান জেতেন চিলির বাস্তিয়ান মালার বিপক্ষে। ২০১৮ সালে ডেভিস কাপে সুযোগ পেয়েই চমক দেখান। ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষের কাছে হেরে গেলেও দুই দিন পর বাঁচামরার লড়াইয়ে সুইডেনকে উদ্ধার করেন তিনিই। চার সেটের দুর্দান্ত এক লড়াই জেতার পর সে দেশের গণমাধ্যমে শুধুই জোনাথানের প্রশংসা।
সুইডেন থেকে জোনাথান হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদককে বলছিলেন, ‘আমি বাংলাদেশের হয়ে টেনিস খেলতে সব নিয়মকানুন মানতে রাজি। বাবার জন্যই বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি বাংলাদেশকে ভালোবাসি।’ ছেলের প্রসঙ্গে জোনাথানের বাবা বলছিলেন, ‘ছোটবেলা থেকে ওর সার্ভ, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, ভলি ছিল অসাধারণ। জাতীয় জুনিয়রে শীর্ষ র্যাঙ্কিংয়ে ছিল সে। যুক্তরাষ্ট্রে বয়সভিত্তিক অরেঞ্জ বল টুর্নামেন্টে খেলেছে। ১৮ বছর বয়সে খেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। কোচরা ওর খেলা দেখে প্রশংসা করতেন।’ বর্তমানে সুইডেনের সিনিয়র র্যাঙ্কিংয়ে জোনাথান আছেন চারে। জিতেছেন সুইডিশ চ্যাম্পিয়নশিপ ও সালক ওপেনের (বিওন বোর্গ এই ট্রফি জিতেছেন চারবার) ট্রফি।
বিদেশে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়েরা আগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী জিমন্যাস্ট কাজী সাইক সিজার বাংলাদেশের হয়ে অংশ নেন ২০১২ লন্ডন অলিম্পিকে। খেলেছেন ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাঁতারু জুনায়না আহমেদ গত বছর অংশ নেন নেপালের এসএ গেমসে। আর ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া তো বাংলাদেশের ফুটবলেরই পোস্টার বয়। সে তালিকায় নাম লেখাতে চান জোনাথানও।
জোনাথানের ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। প্রথম আলোকে তিনি বলেন, ‘তার অভিভাবক যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো টুর্নামেন্টে তাকে খেলার সুযোগ দেওয়া হবে।’ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ করিমও স্বাগতই জানাচ্ছেন জোনাথানকে, ‘ওর মতো খেলোয়াড়কে বাংলাদেশের জার্সিতে খেলাতে পারলে আমাদেরই সুনাম। প্রোফাইল দেখে নির্বাচক কমিটি যদি মনে করে ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার যোগ্য, তাহলে ফেডারেশন থেকে কোনো বাধা থাকবে না।’
ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বর পুলে খেলে বাংলাদেশ। কিন্তু সুইডেন খেলে সরাসরি ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে। সেদিক দিয়ে জোনাথানকে পেলে লাভবানই হবে বাংলাদেশ। বাংলাদেশের অভিজ্ঞ টেনিস খেলোয়াড় দিপু লালও বললেন, ‘জোনাথান গত দুই বছর সুইডেনে চমৎকার খেলছে। ও খেললে ডেভিস কাপে আমাদের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে। এককে সহজেই জিতব আমরা। ওর সঙ্গে জুটি গড়ে যে কেউ দ্বৈতেও জিতবে। আমিও চাই, জোনাথান বাংলাদেশের হয়ে খেলুক।’
সুইডেনের তুলনায় বাংলাদেশে বলতে গেলে টেনিসের তেমন সুযোগ-সুবিধাই নেই। নেই খেলাটির কোনো সম্ভাবনাও। তার ওপর বাংলাদেশের হয়ে খেলা মানে জোনাথানের জন্য নিচের ধাপে নেমে আসা। তাহলে তিনি কেন সুইডেন ছেড়ে বাংলাদেশের টেনিসে নাম লেখাতে চাইবেন? শুধুই আবেগের বশে! আবেগ তো আছেই, জোনাথানের কথায় জানা গেল আরেকটি কারণও, ‘সুইডেন টেনিসের দেশ। এখানে সেরা খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে জাতীয় দলে টিকে থাকাটা অনেক সময় কঠিন হয়ে যায়।’