বাণিজ্যই ফিরিয়েছে তাঁকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়তি সুবিধা’ পাওয়া মারিয়া শারাপোভা কি স্টুটগার্ট ওপেনের ফাইনালে উঠেছেন? উত্তরটা এর মধ্যে সবাই পেয়ে গেছেন নিশ্চয়ই। টুর্নামেন্টের শেষ চারের ম্যাচটি যে বাংলাদেশ সময় কাল মাঝরাতেই শেষ হয়ে গেছে। তা নাহয় হলো। কিন্তু শারাপোভার বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি কী?
সেটি বুঝতে একটু পেছন ফিরে তাকাতে হবে। ডোপ কেলেঙ্কারির কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন রুশ এই টেনিস-কন্যা। স্টুটগার্ট ওপেনে এসেছেন ওয়াইর্ল্ড কার্ড নিয়ে। একজন ‘ডোপপাপী’কে এমন সুযোগ দেওয়ায় টেনিস-বিশ্ব কার্যত দুই ভাগে বিভক্ত। নোভাক জোকোভিচ মেয়েদের সাবেক এক নম্বর তারকার ফেরাকে স্বাগত জানিয়েছেন। পুরুষ টেনিসের বর্তমান শীর্ষ খেলোয়াড় অ্যান্ডি মারে আবার আয়োজকদের সমালোচনা করেছেন। ইউজিনি বুশার তো শারাপোভার প্রত্যাবর্তন মানতেই পারছেন না। কানাডিয়ান এই টেনিস তারকা বলেন, ‘প্রতারক’ শারাপোভাকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল!
পাঁচটি গ্র্যান্ড স্লামের মালিক শারাপোভা অবশ্য গায়ে মাখছেন না কিছুই—না সমালোচনা, না প্রশংসা। আগেই বলে দিয়েছেন, মানুষ কী বলবে, সেটা তিনি ঠিক করে দিতে পারেন না। তাই নির্বিকার ভঙ্গিতে নিজের খেলাটা খেলে যেতে চান। কোর্টের পারফরম্যান্সই তাঁর হয়ে কথা বলবে বলে মনে করেন শারাপোভা। ১৫ মাস সার্কিটের বাইরে থাকার পরও পারফরম্যান্সে যে এতটুকু মরিচা ধরেনি, সেটা তো দেখিয়েই দিয়েছেন শারাপোভা। টানা তিন ম্যাচ জিতে উঠেছেন সেমিফাইনালে।
সমালোচনার তির তাতেও থামছে কই? সর্বশেষ তির ছুড়েছেন কাল রাতে হয়ে যাওয়া শেষ চারের প্রতিপক্ষ ক্রিস্তিনা ম্লাদেনোভিচ। যুগোস্লাভিয়া বংশোদ্ভূত এই ফ্রেঞ্চ বলেছেন, ‘খেলায় এখন সংবাদমাধ্যম আর ব্যবসারও বিষয় আছে। মারিয়া বড় এক নাম, যে দর্শক টানে। একদিক থেকে আমি বুঝতে পারি আয়োজকেরা তাকে পেতে চায়। কারণ সে খুব বিখ্যাত আর আয়োজকেরা চায় আরও বেশি দৃষ্টি আকর্ষণ করতে। যেটা বাণিজ্যের অংশ। তাকে ওয়াইর্ল্ড কার্ড দেওয়াটা কি যৌক্তিক? সে ডোপ পরীক্ষায় ধরা পড়েছে। কিন্তু সে-ই প্রথম নয়।’
শারাপোভাকে একটি সুখবরই দিতে পারে স্টুটগার্ট ওপেন। কাল যদি ফাইনালে উঠে থাকেন আর রোববার শিরোপাও জিতে যান, তাহলে র্যাঙ্কিংয়ে ১২৫-এর মধ্যে চলে আসবেন। বছরের পরের দুটি গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডনে সরাসরি খেলার টিকিট পেতে এটাই যথেষ্ট। আর তা না হলে ফ্রেঞ্চ ওপেনের জন্যও ওয়াইর্ল্ড কার্ডের অপেক্ষায় থাকতে হবে তাঁকে। ওয়াইল্ড কার্ড পাবেন কি না, জানা যাবে আগামী ১৬ মে।
ফ্রেঞ্চ ওপেনে খেলার সুযোগ পাবেন কি না ঠিক নেই। কিন্তু বাজিকরদের বিশ্বাস শারাপোভা খেলবেন। আর সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস যেহেতু নেই, মুকুট উঠবে তাঁরই মাথায়! এএফপি।