বাবা জোকোভিচের প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘর আলো করে এসেছে নতুন অতিথি—স্টেফান। টেনিস থেকে মনোযোগ নড়ে যাওয়ার যথেষ্ট কারণই হতে পারত সে। কিন্তু কিসের কী! সেই চেনা রূপেই নোভাক জোকোভিচ। প্যারিস মাস্টার্সে নিজের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা ফিলিপ কোলশ্রাইবারের বিপক্ষে ৬-৩, ৬-৪ গেমের সহজ জয় তুলে নিয়েছেন সার্বিয়ান।
বাবা হওয়ার অনুভূতিটা অন্য রকমই জোকোভিচের কাছে। ম্যাচ শেষে জোকোভিচের কণ্ঠে তারই বহিঃপ্রকাশ, ‘বাবা হওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আমি এই জয় আমার স্ত্রী ও সন্তানকে উৎসর্গ করছি। বাবা হয়ে আমি গর্বিত, গর্বিত আমার স্ত্রীকে নিয়েও। আমাদের ছোট্ট সন্তানকে নিয়ে সে এখন বাসায় ফিরেছে।’
১০ দিন পর বছর শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। প্রতিযোগিতায় ফেদেরার-বাধা টপকাতে পারলেই ২০১৪ সাল শেষ করবেন র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে। এএফপি।