বালক দ্বৈতে রানার্সআপ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্টের ডিভিশন-২-এর খেলায় বালক দ্বৈতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
ভিয়েতনামে গতকাল শেষ হয়েছে এই প্রতিযোগিতা। এতে বালক দ্বৈতে জুটি গড়ে খেলেছে বাংলাদেশের মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ও নাইমুল ইসলাম। এই জুটি প্রথম রাউন্ডে হারিয়েছে মিয়ানমারের ইয়ে মিন ও কুয়াং খান্ট জুটিকে। কোয়ার্টার ফাইনালে নেপালের লামা ও বজ্রচারিয়া জুটি, সেমিফাইনালে লিবিয়ার সাদেক ও সিরিয়ার সালিম জুটিকে হারিয়ে ফাইনালে উঠে তারা হেরে গেছে ভিয়েতনামের ভান ভুয়াং ও জোয়েন থাইয়ের কাছে।
বালক এককে ইশতিয়াক হয়েছে চতুর্থ। ইশতিয়াক প্রথম রাউন্ডে নেপালের লামা রঞ্জনকে, দ্বিতীয় রাউন্ডে লিবিয়ার সাদেক জালালকে, কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার সিলভা আসেনকে হারিয়ে সেমিফাইনালে ভিয়েতনামের ভো হং হুয়াংয়ের কাছে হেরে গেছেন। প্রতিযোগিতায় ১৬টি দেশের ৩২ জন বালক ও ২৮ জন বালিকা অংশ নিয়েছে।