বিগ ফোরের রাজ্যে নতুন রাজা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিন চিলিচ
মারিন চিলিচ

কয়েক সপ্তাহ আগে কেউ এটা বললে হেসে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার হতো। ইউএস ওপেনের ফাইনালে ফেদেরার-নাদাল-জোকোভিচ-মারের কেউ থাকবেন না, এটা হয় নাকি! ‘বিগ ফোরের’ কেউই একটা গ্র্যান্ড স্লামের ফাইনালে নেই—এ তো রীতিমতো অবিশ্বাস্য! বাস্তবতা হচ্ছে, সেই বিস্ময়ের জন্ম দিয়েই ইউএস ওপেন দেখল কেই নিশিকোরি ও মারিন চিলিচের ফাইনাল। আর সেখানে নিশিকোরিকে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্লামটাও জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার চিলিচ!

২০০৫ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ছিলেন না বিগ ফোরের কেউ। ওই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অস্ট্রেলিয়ার লেইটন হিউইটকে হারিয়ে শিরোপা জিতেছিলেন রাশিয়ার মারাত সাফিন। প্রায় ৯ বছর পর আচমকা বদলে যাওয়া এই ছবিটা যেমন বিস্ময়ের জন্ম দিয়েছে, তেমনি তুলে এনেছে একটা প্রশ্নও। তবে কি বিগ ফোরের আধিপত্যের দিন ফুরিয়ে এল? ছেলেদের টেনিসে কি শোনা যাচ্ছে নতুনের পদধ্বনি?

.
.

শুধু একটা গ্র্যান্ড স্লামের ফাইনাল থেকেই এ প্রশ্নের জবাব খুঁজে পাওয়াটা কঠিন। ২০০৩ সালে উইম্বলডনে মার্ক ফিলিপ্পোসিসকে হারিয়ে রজার ফেদেরার যে নতুন রাজত্বের সূচনা করেছিলেন, পরের ১১ বছরে নাদাল-জোকোভিচ-মারেকে নিয়ে সেটাই হয়ে উঠেছে বিগ ফোরের রাজত্ব। পরিসংখ্যানও বলছে, এই ১১ বছরে ৪৬টি গ্র্যান্ড স্লামের মধ্যে মাত্র ৬টি জিতেছেন বিগ ফোরের বাইরের কেউ। সেই ৬টির দুটিই আবার এই বছরে। চিলিচের আগে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপা জিতেছেন স্তানিসলাস ভাভরিঙ্কা। বিগ ফোরের আধিপত্যও প্রশ্নের মুখে একই বছরে ছেলেদের গ্র্যান্ড স্লামে এই দুই নতুন চ্যাম্পিয়নের কারণে।

আসলেই বিগ ফোরের দিন ফুরাল কি না, সেটা এখনই বলতে পারছেন না টেনিস নিয়ন্ত্রক সংস্থা এটিপির পুরুষ বিভাগের নির্বাহী চেয়ারম্যান ক্রিস কারমোড। তবে তিনি মনে করেন ছেলেদের টেনিসে সাম্প্রতিককালে প্রতিযোগিতাটা বেড়েছে, ‘কোনো কিছুই তো রাতারাতি হয়ে যায় না। আর রজার, নোভাক, রাফা, অ্যান্ডিও এত সহজে হার মানছে না। তবে নতুনরা গ্র্যান্ড স্লাম জেতায় এই বছর ভারসাম্য কিছুটা বদলেছে।’ এই পরিবর্তনকে ইতিবাচক বলেই মনে করছেন চিলিচের কোচ ও ২০০১ সালে ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বলডন জিতে চমক জাগানো আরেক ক্রোট গোরান ইভানিসেভিচ, ‘টেনিসের স্বার্থেই একজন নতুন চ্যাম্পিয়নের দরকার ছিল।’

ইভানিসেভিচের চেয়েও এক ধাপ এগিয়ে কিংবদন্তি জন ম্যাকেনরো। সাতটি গ্র্যান্ড স্লামজয়ী এই মার্কিন খেলোয়াড় মনে করেন ভবিষ্যতে এ রকম একজন–দুজনের আধিপত্য আর থাকবে না টেনিসে, ‘নতুন যুগে সমান দক্ষ অনেকে উঠে আসবে। একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার মতো এমন কেউ আসবে যাকে আমরা এখন চিনিই না।’

সেই অচেনাদের অপেক্ষায় কি টেনিস-বিশ্বও? রয়টার্স।

২০০৩ উইম্বলডন থেকে ২০১৪ ইউএস ওপেন

‘বিগ ফোর’ ৪০টি গ্র্যান্ড স্লাম

১৭  রজার ফেদেরার সুইজারল্যান্ড

১৪  রাফায়েল নাদাল স্পেন

৭    নোভাক জোকোভিচ সার্বিয়া

২    অ্যান্ডি মারে গ্রেট ব্রিটেন

অন্যরা ৬টি গ্র্যান্ড স্লাম

১

অ্যান্ডি রডিক (যুক্তরাষ্ট্র), গাস্তন গাউদিও (আর্জেন্টিনা), মারাত সাফিন (রাশিয়া), হুয়ান মার্টিন দেল পোত্রো (আর্জেন্টিনা), স্তানিসলাস ভাভরিঙ্কা (সুইজারল্যান্ড), মারিন চিলিচ (ক্রোয়েশিয়া)