তবে কি আবারও একা হয়ে গেলেন মারিয়া শারাপোভা? বিচ্ছেদে কাতর গ্রিগর দিমিত্রভও? শোনা যাচ্ছে, সম্পর্ক চুকে গেছে টেনিসের এই আলোচিত জুটির। মোহভঙ্গ হয়েছে দুজনেরই। টুইটারেও নাকি একে অপরকে অনুসরণ করা ছেড়ে দিয়েছেন। সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে শারাপোভা-দিমিত্রভকে একবারের জন্যও কাছাকাছি দেখা যায়নি৷ বছরের শেষ গ্র্যান্ড স্লামের আগে বয়ফ্রেন্ড দিমিত্রভের সঙ্গে মিশ্র দ্বৈতে কোর্টে নামার ইঙ্গিত দিয়েছিলেন রুশ সুন্দরী৷ কিন্তু পরে শারাপোভা জানিয়ে দেন, তাঁরা একসঙ্গে কোর্টে নামছেন না৷ নিউইয়র্কের রাস্তাতেও একবারের জন্যও শারাপোভা-দিমিত্রভকে একসঙ্গে দেখা যায়নি৷ দুজনেই চতুর্থ রাউন্ডে হেরে বিদায় নেন ফ্লাশিং মিডো থেকে। এরপরই টুইটারে নিজের ছবি পোস্ট করে টেনিসের গ্ল্যামার কুইন জানিয়ে দেন, সপ্তাহান্তটা একাই কাটাতে চান তিনি৷ দিমিত্রভও লেখেন, তিনি সামনে তাকাতে চান৷ বুদ্ধিমানের জন্য ইশারাই কি যথেষ্ট নয়! এনডিটিভি।