বিদায় বলে দিলেন লি

গত বছরের ১৬ নভেম্বর, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকারের বিদায়ী ভাষণ ছুঁয়ে গিয়েছিল সবাইকে। লি নার অবশ্য কোর্টে দাঁড়িয়ে সরাসরি বিদায়ের ঘোষণা দেওয়ার সৌভাগ্য হয়নি। চোটের কাছে হার মেনে চীনের ৩২ বছর বয়সী টেনিস-রানি কাল পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন ফেসবুকে আবেগময় এক চিঠি লিখে। দীর্ঘ এই চিঠিটাই ভক্তদের হৃদয়টা ভিজিয়ে দিতে যথেষ্ট।
গত জুলাইয়ে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকেই কোর্টের বাইরে দুটি গ্র্যান্ড স্লামজয়ী লি। অনেক স্বপ্ন ছিল নিজের শহর উহানের প্রথম ডব্লুটিএ টুর্নামেন্টে খেলবেন। কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না। ঘরের কোর্টের উহান ওপেন শুরুর ঠিক দুই দিন আগে লড়াকু ক্যারিয়ারের ইতি টানলেন লি।
লির ক্যারিয়ারটা আসলেই দুর্দান্ত এক লড়াইয়ের গল্প। আট বছর বয়সে স্থানীয় এক টেনিস কোচ লিকে দেখে তাঁকে টেনিসে অনুপ্রাণিত করেন। কিন্তু চীনে তখন টেনিস এতই অজনপ্রিয় যে, তাতে ক্যারিয়ার গড়াটাই ছিল চ্যালেঞ্জ। পরিবারের সদস্যদের রাজি করানোও ছিল কঠিন। তবে লি ঠিকই বাবা-মাকে বোঝাতে পেরেছিলেন। তবে জীবনের পথ বদলে দেওয়ার অনুমতি দিলেও বাবা মেয়ের সাফল্য দেখে যেতে পারেননি। ১৪ বছর বয়সে বাবাকে হারান, যদিও লি মাকে পাশে পেয়েছেন সব সময়।
পেশাদার টেনিসে তাঁর পথটা মসৃণও ছিল না। পড়াশোনার জন্য দু-দুবার চীনের জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন। সইতে হয়েছে বিস্তর সমালোচনা। জড়িয়েছেন বিতর্কে-বিরোধে। কিন্তু সব প্রতিকূলতা জয় করে সাংবাদিকতায় স্নাতক লি হয়ে ওঠেন এশিয়ান টেনিসের প্রতীক। এশিয়ার একমাত্র গ্র্যান্ড স্লামজয়ী। উঠেছিলেন র্যা ঙ্কিংয়ের দুইয়ে। তাঁকে দেখে এশিয়ার অনেক তরুণ-তরুণীই এখন টেনিসে অনুপ্রাণিত। ২০০৮ সালেও চীনে যেখানে মাত্র দুটি ডব্লুটিএ টুর্নামেন্ট হতো, সেখানে এখন টুর্নামেন্ট হচ্ছে ১০টি। যার একটি উহানে। যেখানে খেলবেন সেরেনা-ভেনাস-শারাপোভারা। এটা ভেবেই উচ্ছ্বসিত লি, ‘সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ভেনাস উইলিয়ামস—মিলিতভাবে ৩০টি গ্র্যান্ড স্লামজয়ী চীনের দর্শকদের জন্য টেনিস খেলতে আমার নিজের শহরে আসছে। এটা আমার জন্য অসাধারণ ব্যাপার।’
লি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন তাঁর ক্যারিয়ারে সামান্যতম অবদান রাখা সবাইকে। মা-বাবার সম্পর্কে লিখেছেন, ‘মা, তোমার সমর্থন ছিল অনিঃশেষ। হাসি-কান্না, সব সময়ই তুমি আমার পাশে থেকেছ। বাবা, তুমি একটু তাড়াতাড়িই আমাকে ছেড়ে চলে গেছো। সেই থেকে আমি আর তেমনটা নেই। তবে তুমি এখনো আমার জীবনের আলো। তোমার কারণেই আজকের আমি।’ বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কোচ-স্বামী জিয়াং শানকে। তরুণদের উদ্দেশে বলেছেন, ‘টেনিস খেলোয়াড়, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক কিংবা ব্যবসায়ী নেতা যা-ই হতে চাও, আমার পরামর্শ হলো, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং স্বপ্নকে তাড়া করো। যদি আমি এটা করতে পারি, তোমরাও পারবে!’ খেলা ছাড়লেও চীনের টেনিসের জন্য কাজ করতে গড়বেন টেনিস একাডেমি। এএফপি, রয়টার্স।
বিদায়বেলায়
চীনা টেনিসে এটি হতাশার এক দিন। বৈশ্বিক ক্রীড়ার জন্যও
মার্টিনা হিঙ্গিস
মহিলা টেনিসের সাবেক এক নম্বর
ব্যক্তি হিসেবে সে যেমন অবিশ্বাস্য ছিল, প্রতিদ্বন্দ্বী হিসেবেও ছিল দারুণ
ক্যারোলিন ওজনিয়াকি
আরেক সাবেক এক নম্বর
তার সিদ্ধান্তটা আমার এবং সবার কাছে বিস্মিত হওয়ার মতোই। তবে এশীয় টেনিসের জন্য ও যা করেছে অসাধারণ
কেই নিশিকরি
২০১৪ ইউএস ওপেনের ফাইনালিস্ট জাপানি খেলোয়াড়