
বিয়ের প্রস্তাব মনের মানুষকে ভালোবাসার কথা বলার মুহূর্তটা স্মরণীয় করে রাখার কত চেষ্টাই না করে মানুষ। মার্টিনা নাভ্রাতিলোভাও কম কিসে! মেয়েদের টেনিসের এই কিংবদন্তি তাঁর দীর্ঘদিনের বান্ধবী জুলিয়া লেমিগোভাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ইউএস ওপেন দেখতে গিয়ে! পরশু ছেলেদের সেমিফাইনালে বিরতির সময় রীতিমতো হাঁটু গেড়ে বসে বান্ধবীকে বলেছেন মনের কথা। রোমাঞ্চিত লেমিগোভাও হাসিমুখে সম্মতি দিয়েছেন সঙ্গে সঙ্গেই। পুরো ঘটনাটি আবার বড় পর্দায় দেখানো হয়েছে সরাসরি, দেখেছে সারা বিশ্বও। এর পর থেকেই টুইটারে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনবার্তায় ভাসছেন দুজন। তবে বান্ধবীর সম্মতিতে দারুণ আনন্দিত হলেও প্রস্তাব দেওয়ার সময় নাকি বুক ধড়ফড় করছিল তাঁর। ১৮টি গ্র্যান্ড স্লামজয়ী পরে ডব্লুটিএ ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুবই নার্ভাস ছিলাম। কিন্তু সাহস করে বলেই ফেললাম। আর ও “হ্যাঁ” বলার পর তো মনে হচ্ছিল আকাশে উড়ছি।’ এএফপি।