ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ কতটা উত্তেজনা ছড়ায়, তার কিছুটা আঁচ পেলেন রজার ফেদেরার! অ্যাডিলেডে দুই দলের লড়াইয়ের আগে টুইটারে একটা ছবি পোস্ট করেছিলেন টেনিস কিংবদন্তি, যেখানে তাঁকে দেখা গেছে ভারতীয় দলের জার্সি হাতে। ছবিটা আহত করেছে পাকিস্তানের সমর্থকদের। পুরো ব্যাপারটিকে নাইকির প্রচারণা জানিয়ে মনঃক্ষুণ্ন পাকিস্তানি সমর্থকদের কাছে ক্ষমাও চাইলেন সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘কিছু ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আমার দেখা হয়েছিল। আর আমি কিছুদিন ভারতেও থেকেছি। তাই তারা আমাকে জার্সিটি উপহার দিয়েছিল। এটি নাইকির ব্যাপার। আমি দক্ষিণ আফ্রিকার সমর্থক, এটা সবাই জানে। যা ঘটেছে সেটির কোনো উদ্দেশ্য ছিল না। তার পরও কেউ যদি মনে আঘাত পেয়ে থাকে, সে জন্য আমি ক্ষমা চাইছি।’
এটা আগেই জানা যে, ফেদেরার দক্ষিণ আফ্রিকা রাগবি দলের সমর্থক। নেপথ্য কারণ, তাঁর মা লিনেট দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত। তবে ক্রিকেটেও যে তিনি ডি ভিলিয়ার্স-ডেল স্টেইনদের সমর্থক, এটি জানিয়ে ফেদেরার ভারত-পাকিস্তান চিরায়ত দ্বন্দ্ব থেকে দূরে থাকতে চাইছেন। এএফপি।