বুশারকে 'ভোলেননি' শারাপোভা

১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেছিলেন গত এপ্রিলে। মাসখানেক যেতে না-যেতেই পেশির চোট। কোর্টে আবার বিরতি। এই অর্থে ৩১ জুলাই শুরু হতে যাওয়া স্ট্যানফোর্ড টেনিস টুর্নামেন্টে খেলাটাকে ‘দ্বিতীয় প্রত্যাবর্তন’ই বলা যায় মারিয়া শারাপোভার। এরপর কোন টুর্নামেন্ট খেলবেন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী? দুদিন আগেও উত্তরটা জানা ছিল না। কিন্তু এখন বলতে পারেন—দ্বিতীয় প্রত্যাবর্তনের দ্বিতীয় টুর্নামেন্ট সিনসিনাটি ওপেনে। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট খেলার ওয়াইল্ড কার্ড পেয়ে গেছেন শারাপোভা।
এতে হয়তো রুশ সুন্দরীর ভক্তরা খুশি হবেন। কিন্তু সবাই তো তাঁর ভক্ত নন! ডোপ কলঙ্কের নির্বাসন কাটিয়ে ফেরার পর টুর্নামেন্ট খেলছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে, তাতে কী তোলপাড়া বিশ্ব টেনিসে। কেউ কেউ প্রকাশ্যেই তাঁকে ওয়াইল্ড কার্ড দেওয়ার বিরোধিতা করেছিলেন। কানাডার টেনিস তারকা ইউজিনি বুশার গত এপ্রিলে বলেছিলেন, ‘আমার মনে হয় না কোনো প্রতারক সে যে খেলারই হোক না কেন, তাকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া উচিত।’
বুশারের ওই কথা ভুলে যাননি শারাপোভা। প্লেয়ার্স ট্রিবিউন ওয়েবসাইটে এক পোস্টে বুশারের সেই চাঁছাছোলা মন্তব্য প্রসঙ্গে শারাপোভা লিখেছেন, ‘আমার সতীর্থদের অনেকেই আমার সম্পর্কে বলেছেন, সংবাদমাধ্যমে তাদের কেউ কেউ আমার সমালোচনায় মুখর ছিলেন, সবই মনে আছে আমার। রক্তমাংসের স্বাভাবিক মানুষ হলে আপনার খারাপ লাগবেই। আমি মনে করি, কিছু কিছু ব্যাপার চাইলেও পুরোপুরি এড়িয়ে যাওয়া যায় না।’ তবে শারাপোভা ইটের জবাবে পাটকেল ছুড়তে রাজি নন, ‘সাধারণত আমার চেষ্টাই থাকে সমালোচকদের উদার দৃষ্টিতেই দেখার। যে যে-ই হোক, যেই অবস্থানে থাকুক না কেন, কখনোই আমি তাদের মতো করে প্রতিক্রিয়া দেখাই না। আমি সম্মানের সঙ্গেই জবাব দিই। এটি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা আমার দেখা অন্যতম সেরা রুচিশীল ও পরিমার্জিত মানুষ।’
সমালোচকদের জবাব দিতে চান শারাপোভাও। তবে মুখে নয়, কোর্টে, পারফরম্যান্সে। নির্বাসন কাটিয়ে স্টুর্টগার্ট ওপেন, মাদ্রিদ ওপেন ও ইতালিয়ান ওপেনে খেলা শারাপোভার বর্তমান র্যাঙ্কিং ১৭৩। স্ট্যানফোর্ড ডব্লুটিএ টুর্নামেন্টের পর ১২ আগস্ট শুরু হতে যাওয়া সিনসিনাটি ওপেনেও খেলবেন শারাপোভা। উঠে আসবেন র্যাঙ্কিংয়ের ওপরের দিকে। খেলবেন অন্যান্য টুর্নামেন্ট। কোর্টে দেখা হবে বুশারের সঙ্গে। গত মে মাসে মাদ্রিদ ওপেনে দুজনের সর্বশেষ সাক্ষাতে বুশারই জিতেছিলেন। আবার দেখা হলে ফলটা নিশ্চয়ই নিজের দিকে টেনে আনতে চাইবেন শারাপোভা! এএফপি, ফক্স স্পোর্টস।