ব্রিটিশ-শূন্য ইউএস ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেনের শেষ আটে উঠতে পারলেন না অ্যান্ডি মারে। ছবি: এএফপি।
ইউএস ওপেনের শেষ আটে উঠতে পারলেন না অ্যান্ডি মারে। ছবি: এএফপি।

শেষ এমনটা ঘটেছিল পাঁচ বছর আগে। কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল হচ্ছে, আর তাতে নেই অ্যান্ডি মারে। গত পাঁচ বছরে প্রতিটি গ্র্যান্ড স্লামেই অন্তত শেষ আটের লড়াইয়ে থেকে পাঁচ বছর আগে নিজের ব্যর্থতাকে প্রায় ভুলিয়েই দিয়েছিলেন মারে। কিন্তু ২০১০ সালের দুঃস্বপ্ন আবারও ফিরে এল ২০১৫ সালে। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের আগেই হেরে বিদায় নিয়েছেন এই স্কটিশ তারকা।
স্কটিশ মারেই টেনিসের ক্ষয়িষ্ণু শক্তি ব্রিটিশদের গর্ব। এক মারেতে ভর করেই টেনিস বিশ্বে নিজেদের অস্তিত্বকে জানান দেয় ব্রিটিশরা। টেনিসের ‘ওপেন’ যুগে যে দুবার ব্রিটিশরা গ্র্যান্ড স্লামে হাত দিয়েছে, সেই দুটি উপলক্ষই এসেছে মারের বদৌলতে। এই সময়ে দুইটি গ্র্যান্ড স্লাম জিতেছেন; যার একটি ব্রিটিশদের বহু কাঙ্ক্ষিত উইম্বলডন। ২০১২ অলিম্পিকের সোনাও জিতেছিলেন তিনি।
মারে এবার হেরেছেন দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনের কাছে। তৃতীয় বাছাই মারের বিপক্ষে কেভিনকে কেউ গোনায় ধরেছিলেন বলে তো মনে হয় না। সেই কেভিনই শেষ পর্যন্ত করেছেন বাজিমাত। অসাধারণ নৈপুণ্যে ২৫টি এইস মেরে ধরাশায়ী করেছেন মারেকে। ১৯৯২ সালের পর প্রথম দক্ষিণ আফ্রিকান টেনিস খেলোয়াড় হিসেবে উঠে গেছেন ইউএস ওপেনের শেষ আটে। ম্যাচ শেষে তাই আনন্দের সঙ্গেই জানিয়েছেন, ‘আজ আমি আমার জীবনের সেরা ম্যাচ খেললাম। অসাধারণ এক অর্জন এটি।’
মারে অবশ্য হতাশ নিজের ছন্দপতনে। দীর্ঘ দিন ধরে চতুর্থ রাউন্ড জিতে আসা মারে জানিয়েছেন দিনটি ছিল তাঁর জন্য হতাশারই। আরও হতাশার ব্যাপার হচ্ছে চতুর্থ রাউন্ডে এত দিন অপরাজিত থাকার এই অসাধারণ রেকর্ডটি নষ্ট হয়ে যাওয়ায়। সূত্র: এএফপি।