বেঁচে গেলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের পর নাদাল l এএফপি
জয়ের পর নাদাল l এএফপি

রাফায়েল নাদালের পেটের পেশিতে টান, চোখের নিচে মশার কামড়। রজার ফেদেরারের আঙুলে রহস্যময় ব্যথা। ফেবারিটদের জিততে প্রাণ ওষ্ঠাগত হওয়া। অস্ট্রেলিয়ান ওপেনে কেমন একটা ভুতুড়ে একটা দিনই গেল কাল। তবে অনেক চড়াই-উতরাই পেরিয়ে নাদাল-ফেদেরার-শারাপোভারা জয় নিয়েই উঠে গেলেন তৃতীয় রাউন্ডে।
কাল টুর্নামেন্টের তৃতীয় দিনে মেলবোর্ন পার্কে সবচেয়ে বেশি বিপদে পড়েছিলেন নাদাল। গতবারের রানারআপকে শুধু পেটব্যথাই নয়, জয় করতে হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা আমেরিকান টিম স্মিচেকের অপ্রত্যাশিত বাধাও। অসুস্থ নাদাল জিতেছেন পাঁচ সেটের ৪ ঘণ্টা ১২ মিনিট লম্বা লড়াই। প্রথম সেটটা ৬-২ গেমে জিতলেও তৃতীয় বাছাই পরের দুই সেট ৩-৬, ৬-৭ (২/৭) গেমে হেরে পিছিয়ে পড়েন। চতুর্থ ও পঞ্চম সেট ৬-৩ ও ৭-৫ গেমে জিতে ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন কোর্টে।
২০১৪ সালের শেষ ভাগে চোট-অসুস্থতায় খেলতে না পারাটাকেই কারণ দেখিয়েছেন নাদাল, ‘কোনো প্রতিযোগিতায় অংশ না নিয়ে সাত মাস কোর্টের বাইরে কাটানোর পর আজ রাতটা খুব কঠিন গেছে। পুরো ম্যাচেই আমি খুব ক্লান্ত ছিলাম।’ নাদালের কোচ ও চাচা টনি নাদাল জানিয়েছেন ম্যাচের আগে চোখের নিচে মশার কামড় খেয়েছেন তাঁর ভাইপো।
ফেদেরারের ব্যথা ছিল র্যাকেট ধরা হাতেই। ইতালির সিমোন বোলেল্লির কাছে প্রথম সেট খোয়ানোর পর চিকিৎসা নিয়েও ফেদেরার পরের তিন সেট জিতেছেন ব্যথা চেপে। ম্যাচের পর সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক বলেছেন সেই যন্ত্রণাকাতর অনুভূতির কথা, ‘মনে হয়েছে মৌমাছি কামড়ে দিয়েছে। এ ধরনের ব্যথা আগে কখনো হয়নি।’
তৃতীয় সেটে ১-৪ গেমে পিছিয়ে পড়ার পরও জিতেছেন মেয়েদের দ্বিতীয় বাছাই শারাপোভা। বিশ্বের ১৫০ নম্বর খেলোয়াড় স্বদেশি আলেক্সান্দ্রা পানোভাকে শারাপোভা হারিয়েছেন ৬-১, ৪-৬, ৭-৫ গেমে। রয়টার্স।