বেনচিচের কাছে সেরেনার হার
সেমিফাইনালটি ছিল অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের লড়াই। এক দিকে ৩৩ বছর বয়সী সেরেনা উইলিয়ামস, আরেক দিকে বেলিন্ডা বেনচিচ। ২১টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা ১৯৯৯ সালে যখন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটি জেতেন, তখন সুইজারল্যান্ডের বেনচিচের বয়স মাত্র ২। সেই বেনচিচ ১৮ বছর বয়সে পরশু রজার্স কাপের সেমিফাইনালে হারিয়ে দিলেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামপ্রত্যাশী সেরেনাকে।
মন্ট্রিয়লে ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইটি বেনচিচ জিতেছেন ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে। ২০০৪ সালের পর এই প্রথম কোনো তরুণ প্রতিযোগীর কাছে হারলেন সেরেনা। ২০০৪ সালে উইম্বলডনে হেরেছিলেন ১৭ বছর বয়সী মারিয়া শারাপোভার কাছে।
ইউএস ওপেনের আগে বেনচিচের কাছে তাঁর হারটাকে একটা হোঁচটই বলবে সবাই। সেরেনা অবশ্য স্বীকার করে নিলেন কোর্টে এদিন সেরাটা দিতে পারেননি, ‘আমার মনে হয় এদিন আমি খুবই বাজে খেলেছি। সত্যি বলতে কী, অপেশাদার খেলোয়াড়ের মতো খেলেছি আমি।’
তা খেলতে পারেন সেরেনা, কিন্তু কোর্টে নিজের সেরাটাই দিয়েছেন ২০তম র্যাঙ্কধারী বেনচিচ। গত ২৪টি ম্যাচের ২০টিতেই জয়ী সুইস এই টুর্নামেন্টেই সেরা দশের দুজনকে (র্যাঙ্কিংয়ের পাঁচে থাকা ক্যারোলিন ওজনিয়াকি ও ছয়ে থাকা আনা ইভানোভিচ) হারিয়েছেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত বেনচিচ বললেন, ‘অনুভূতিটা ভাষায় প্রকাশের নয়।’ ফাইনালে তাঁর প্রতিপক্ষ সিমোনা হালেপ। রোমানিয়ার এই প্রতিযোগী সেমিতে হারিয়েছেন ইতালির সারা ইরানিকে। এএফপি।