বোনদের লড়াইয়ে সেরেনাই জয়ী
দুজনের কেউই কারও মুখোমুখি হতে চাননি। সেই অপ্রিয় কাজটা করতে হয়েছে অনেকবারই। কাল ২৬তম বারের মতো মুখোমুখি হয়েছিলেন দুই বোন সেরেনা ও ভেনাস। ফলটা অনুমিতই, বড় বোনকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস উঠে গেছেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। আগেই শেষ আটে উঠেছেন মারিয়া শারাপোভা। মেয়েদের বিভাগে কালও অবশ্য অঘটন ঘটেছে, হেরে গেছেন পঞ্চম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি।
অঘটন ঘটেছে ছেলেদের বিভাগেও, ষষ্ঠ বাছাই টমাস বার্ডিচ হেরে গেছেন দ্বাদশ বাছাই জাইলস সিমনের কাছে। তবে কোয়ার্টার ফাইনালে চলে গেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও স্তানিস্লাস ভাভরিঙ্কা। স্পেনের রবার্তো বাতিস্তাকে হারিয়েছেন ফেদেরার, মারে হারিয়েছেন ইভো কারলোভিচকে। ভাভরিঙ্কার জয়টা ডেভিড গোফিনের সঙ্গে।
ক্যারিয়ারের শুরুতে সেরেনা ভেনাসের ছায়ায় ঢাকা ছিলেন অনেকটা সময়। পরে সেরেনা বোনকে ছাড়িয়ে চলে গেছেন অনেক দূর। কাল জয়ের পর অগ্রজাকেই মানলেন প্রেরণা, ‘আমি সব সময় বলি ভেনাস না থাকলে আমি এত ভালো খেলতে পারতাম না। ও যখন ম্যাচ জেতা শুরু করল, শীর্ষে গেল, তখন আমার মনে হলো, আরে, আমিও তো যেতে পারি। সে আমার জন্য সব সময়ই প্রেরণা।’ এএফপি।