ব্যর্থতার অনেক 'প্রথম' নাদালের

৬-৩, ৬-৪ গেমে প্রথম দুটি সেট জিতলেন। যেভাবে জিতলেন, মনে হয়েছিল চতুর্থ রাউন্ডে ওঠাটা শুধুই সময়ের ব্যাপার। কিন্তু তৃতীয় সেটেই আটকে গেলেন রাফায়েল নাদাল। এই সেটটি ৪-৬ গেমে হারের পর ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক ৩-৬, ৪-৬ গেমে হেরে গেলেন শেষ দুটি সেটেও!
ম্যাচটিকে নাদালের সাম্প্রতিক দুরবস্থার প্রতীকও ধরে নিতে পারেন। প্রথম দুই সেটে এগিয়ে থেকে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এর আগে কখনোই হারেননি। ৩২তম বাছাই ইতালির ফ্যাবিও ফনিনির কাছে পরশুর পরাজয়ে

তাঁর ব্যর্থতার এমন অনেক ‘প্রথম’ই দেখল বিশ্ব টেনিস—
২০০৫ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর এই প্রথম গ্র্যান্ড স্লামহীন বছর কাটল নাদালের।
১০ বছরের মধ্যে এই প্রথম ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেই ছিটকে পড়লেন।
২০০৫ সালের পর এই প্রথম উইম্বলডন ও ইউএস ওপেনের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে হার।
এই বছরে এটি নাদালের ১৫তম হার। এর আগে সর্বশেষ কবে এক বছরে এতগুলো ম্যাচ হেরেছিলেন, সেটাও গবেষণার বিষয়। নাদালকেও তাই ম্লানমুখে মেনে নিতে হচ্ছে, ‘বছরটি আমার ছিল না।’ যদিও চোট আঘাত থেকে ফেরার পর নিজের খেলায় ক্রমেই উন্নতি দেখছেন, ‘মৌসুমের শুরুতে আমি যেমন যা-তা খেলছিলাম, এখন আর তা খেলছি না। এখন প্রতিপক্ষ আমাকে হারাচ্ছে বলেই হারছি, নিজে হারছি বলে নয়। মৌসুমের শুরুর দিকে যা অনেকবার হয়েছে।’
ফনিনির কাছে এই বছরে এটি তৃতীয় হার নাদালের। আগের দুটি হার রিও ও বার্সেলোনার ক্লে কোর্টে। ফনিনি যে তৃতীয়টিকেই সবচেয়ে ওপরে রাখবেন, এটা তো অনুমান করাই যায়, ‘রাফা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও ফেরা—এটা অবিশ্বাস্য ম্যাচ।’ এই জয়ে ১০ বছরের মধ্যে ইতালির প্রথম পুরুষ প্রতিযোগী হিসেবে ইউএস ওপেনের শেষ ষোলোয় উঠলেন ফনিনি। সর্বশেষ কোনো ইতালিয়ানের এই কৃতিত্ব ডেভিড স্যাঙ্গুনেত্তির, ২০০৫ সালে।
নাদালের পতনের দিনে সরাসরি সেটে জিতেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। দুই উইলিয়ামস বোনও নিজেদের ম্যাচ জিতে ফ্লাশিং মিডোয় ‘অল উইলিয়ামস’ কোয়ার্টার ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।
২০১৪ সালের গ্র্যান্ড স্লামে নাদাল
অস্ট্রেলিয়ান ওপেন
কোয়ার্টার ফাইনাল
ফ্রেঞ্চ ওপেন
কোয়ার্টার ফাইনাল
উইম্বলডন
দ্বিতীয় রাউন্ড
ইউএস ওপেন
তৃতীয় রাউন্ড