ব্রায়ান যমজদের বৃত্তপূরণ
একটি মাত্র অপূর্ণতাই ছিল ব্রায়ান ভাইদের ক্যারিয়ারে। পুরুষ দ্বৈত টেনিসের অবিসংবাদিত যুগল রাজার ট্রফিকেসে থরে থরে সাজানো ট্রফির মাঝে ছিল না শুধু এটিপি ১০০০ সিরিজের সাংহাই মাস্টার্সটা। পরশু সেটিও জিতলেন মার্কিন যমজরা। সাংহাই জয়ের পর এটিপি মাস্টার্স ১০০০ সিরিজের ৯টি ট্রফিই হাতে উঠল বব ও মাইক ব্রায়ানের। সবগুলো গ্র্যান্ড স্লাম ও মাস্টার্স সিরিজ, অলিম্পিক, বছর শেষের চ্যাম্পিয়নশিপ, ডেভিস কাপ—টেনিসের সবগুলো প্রধান শিরোপাজয়ী একমাত্র জুটি দুই ব্রায়ান ভাই। সাংহাই মাস্টার্স ক্যারিয়ারে ১০১তম দ্বৈত শিরোপা। এক শর বেশি শিরোপাজয়ী একমাত্র জুটিও তাঁরাই।
গুরুত্ব বিবেচনায় বছরের চারটি গ্র্যান্ড স্লাম ও বছর শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের পরেই অবস্থান মাস্টার্স ১০০০ সিরিজের টুর্নামেন্টগুলোর। ইন্ডিয়ান ওয়েলস, প্যারিস, রোম, মন্টে কার্লো, মায়ামি, টরন্টো, মাদ্রিদ, সিনসিনাটি ও সাংহাই—মাস্টার্স টুর্নামেন্টই এই নয়টি। ১৯৯০ সালে শুরু মাস্টার্স সিরিজ থেকে বেশি বেশি র্যাঙ্কিং পয়েন্টও পেয়ে থাকেন প্রতিযোগীরা। ১০০০ সিরিজের একক সবচেয়ে বেশি জিতেছেন রাফায়েল নাদাল (২৭টি)। ৩১টি শিরোপা জিতে দ্বৈতে সেরা ব্রায়ানরাই।
গুরুত্ব বিচারে ১০০ মাস্টার্স সিরিজের পরেই আছে ৫০০ সিরিজ। বছরে ১১টি টুর্নামেন্ট হয় ৫০০ সিরিজের। শীর্ষ খেলোয়াড়দের বছরে কমপক্ষে চারটি টুর্নামেন্টে অংশ নেওয়া বাধ্যতামূলক। এটিপির সবচেয়ে নিচু স্তরের টুর্নামেন্ট হচ্ছে ২৫০ সিরিজ। বছরে মোট ৪০টি টুর্নামেন্ট হয়ে থাকে।
মেয়েদের বিভাগেও শীর্ষ খেলোয়াড়দের জন্য চারটি বাধ্যতামূলক প্রিমিয়ার টুর্নামেন্ট (ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, মাদ্রিদ ও বেইজিং) আছে। এ ছাড়া আছে পাঁচটি প্রিমিয়ার ফাইভ ও ১২টি প্রিমিয়ার টুর্নামেন্ট। রয়টার্স, এটিপি, ডব্লুটিএ।