বড় একটা ধাক্কাই খেলেন শারাপোভা

খবরটা শুনে ইউজিনি বুশার নিশ্চয়ই খুশি হয়েছেন। মারিয়া শারাপোভার কোর্টে ফেরাটা মেনেই নিতে পারেননি কানাডার এই টেনিস তারকা। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন (এফএফটি) শারাপোভাকে ফ্রেঞ্চ ওপেনে খেলার জন্য ওয়াইল্ড কার্ড না দেওয়ায় তাঁর খুশি হওয়াটাই তো স্বাভাবিক।
ডোপিংয়ের কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর তিনটি টুর্নামেন্ট খেলে ফেলেছেন শারাপোভা। রুশ তারকার কোর্টে ফেরা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল টেনিস-বিশ্ব। নোভাক জোকোভিচসহ কয়েকজন স্বাগত জানিয়েছিলেন ‘মাশা’কে। তবে অ্যান্ডি মারে, ক্যারোলিন ওজনিয়াকি, আগ্নিয়েস্কা রাদভানস্কা, অ্যাঞ্জেলিক কারবার ও ইউজিনি বুশাররা কড়া সমালোচনা করেছেন প্রকাশ্যে। তাঁদের মধ্যে সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন বুশার। শারাপোভাকে শুধু প্রতারকই বলেননি, তাঁকে আজীবন নিষিদ্ধ করা উচিত বলেও মন্তব্য করেছিলেন।
বুশার খুশি হতে পারেন। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের দুবারের চ্যাম্পিয়ন শারাপোভার জন্য খারাপই লাগছে এফএফটির সভাপতি বার্নাদ গিউদেসেল্লির। ওয়াইল্ড কার্ড না দেওয়ার বিষয়টি সবার আগে শারাপোভাকেই জানাতে চেয়েছিলেন। কিন্তু তিনবার ফোন করেও তাঁকে পাননি গিউদেসেল্লি, ‘মারিয়ার জন্য আমি খুব দুঃখিত। তাঁর ভক্তদের জন্যও দুঃখিত। তাঁরা হতাশ হতে পারেন, তিনি হতাশ হতে পারেন। কিন্তু খেলাটির নীতিবোধ রক্ষা করাটা আমার নৈতিক দায়িত্ব।’
আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনও অবশ্য করেনি এফএফটি। তবে টেলিকনফারেন্সে গিউদেসেল্লি জানিয়েছেন, নৈতিক দায়িত্ব আছে বলেই একজন ডোপপাপীকে ওয়াইল্ড কার্ড দিতে পারেন না তাঁরা, ‘চোট থেকে ফেরা একজনকে ওয়াইল্ড কার্ড দেওয়া যায়, কিন্তু ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা একজনকে এটা দিতে পারেন না আপনি। মারিয়া শারাপোভার বেলায় আমরা অন্য রকম ভাবতে পারি না।’
এই সিদ্ধান্ত নিয়ে এফএফটি হয়তো উইম্বলডন কর্তৃপক্ষকেও একটু চাপে ফেলে দিয়েছে। এই টুর্নামেন্টেও সরাসরি খেলতে হলেও ওয়াইল্ড কার্ড পেতে হবে শারাপোভাকে। হতাশার খবরটি শারাপোভা শুনেছেন ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে। তখনো তাঁর সুযোগ ছিল নিজের খেলা দিয়েই উইম্বলডনের মূল ড্রতে জায়গা করে নেওয়ার। এর জন্য ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠতে হতো। কিন্তু দ্বিতীয় রাউন্ডের বৈতরণিই পার হতে পারেননি ৩০ বছর বয়সী শারাপোভা। ক্রোয়েশিয়ার মিরিয়ানা লুচিচ-বারোনির বিপক্ষে ম্যাচটি যখন ১-১ সেটে সমতায়, ঊরুর চোট নিয়ে কোর্ট ছাড়তে হয় তাঁকে।
যুগল হতাশার কথা বলতে চাননি বলেই হয়তো ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসেননি শারাপোভা। তবে একটি বিবৃতি দিয়েছেন। সেখানেও ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড না পাওয়ার প্রসঙ্গটি টানেননি। শুধু বলেছেন, ‘বাঁ ঊরুর চোট নিয়ে ম্যাচ ছেড়ে দিতে হওয়ায় আমি ক্ষমা চাচ্ছি।’ এএফপি, রয়টার্স।