বয়স স্রেফ একটা সংখ্যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের শেষ গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস গড়লেন ফ্লাভিও পেনেত্তা। ছবি: এএফপি।
জীবনের শেষ গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস গড়লেন ফ্লাভিও পেনেত্তা। ছবি: এএফপি।

জীবনের শেষ গ্র্যান্ড স্লাম খেলতে নেমেছিলেন ফ্লাভিও পেনেত্তা। ইউএস ওপেনে খেলতে নামার আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এ বছরই টেনিস র‍্যাকেট তুলে রাখবেন তিনি। টেনিসের বড় আসরে কখনোই সেমিফাইনালের গণ্ডি না পেরোনো এই পেনেত্তার অবসর নিয়ে কারোরই খুব একটা মাথাব্যথা ছিল না। কিন্তু সেই পেনেত্তাই ইউএস ওপেন জিতে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

পেনেত্তা হচ্ছেন প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম বিজয়ী সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। বয়স করে গ্র্যান্ড স্লাম বিজয়ী সব খেলোয়াড়ের মধ্যে তাঁর অবস্থান অবশ্য চতুর্থ। ৩৩ বছর ৬ মাস, পনেরো দিন বয়সে তিনি মাথায় পরলেন এই অনন্যমুকুট।

২৬তম বাছাই হিসেবে খেলতে এসেছিলেন বছরের শেষ এই গ্র্যান্ড স্লামে। দুই বছর আগে এই ইউএস ওপেনেই প্রথমবারের মতো খেলেছিলেন সেমিফাইনাল। এর পর থেকে কেন যেন নিজেকে হারিয়েই খুঁজছিলেন। এ বছর অন্য তিনটি গ্র্যান্ড স্লামেই বাদ পড়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। নিজের ব্যর্থতায় কিছুটা ক্লান্ত হয়েই যেন বিদায়ের ঘোষণাটা দিয়ে দেন।

ইউএস ওপেনে তাঁর প্রতিটি ম্যাচেই ছিল বিদায়ের ক্ষণগণনা। ফাইনালে ওঠাটাই ছিল তাঁর বিরাট অর্জন। কিন্তু আজ ফাইনাল জিতে তিনি নিজের নাম লিখিয়ে নিলেন ইতিহাসে। ফ্ল্যাশিং মিডোয় স্বদেশি রবের্তা ভিঞ্চি নিজে হেরে যেন সাক্ষী হলেন ইতিহাসের।

সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতা খেলোয়াড় হচ্ছেন অস্ট্রেলিয়ার কেন রসওয়েল। জয়ের মুহূর্তে তাঁর বয়স ছিল ৩৭ বছর ২ মাস, ১ দিন। দ্বিতীয় স্থানে থাকা স্প্যানিশ আন্দ্রে গিমেনোর বয়স ছিল ৩৪ বছর ১০ মাস, ১ দিন। কিংবদন্তি তারকা মার্টিনা নাদ্রাতিলোভা আছেন তৃতীয় স্থানে। নিজের সর্বশেষ একক গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সময় তাঁর বয়স ছিল ৩৩ বছর ৮ মাস।

নিজের বিদায়কে স্বপ্নের মতোই মনে হচ্ছে পেনেত্তার। এমন বিদায়ের কথা যে ভাবতে পারেননি টেনিসের অনেক কিংবদন্তিও, ‘আজকের পর আমার জীবন পরিপূর্ণ হয়ে গেল। এভাবে জিতে শেষ করতে পারাটা অসাধারণ। স্বপ্নেও বোধ হয় এর চেয়ে ভালো কিছু দেখতে পেতাম না।’ সূত্র: এএফপি।