বয়সকে হারিয়ে দিয়ে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে সেরেনা l এএফপি
ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে সেরেনা l এএফপি

একটি শেষের পরই আরেকটির শুরু। ফ্রেঞ্চ ওপেন জিততে না-জিততেই সেরেনা উইলিয়ামসকে ঘিরে সবার চোখ এখন উইম্বলডনের দিকে। অল ইংল্যান্ড ক্লাবে সেরেনা শিরোপা জিতেছেন পাঁচবার। মাত্র ৩ সপ্তাহ পর শুরু এই টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে তাঁকেই।
উইম্বলডন জিতলে—দ্বিতীয়বার টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়বেন সেরেনা।
এই কীর্তির সামনে যখন দাঁড়িয়ে মার্কিন তারকা, তাঁর বয়স ৩৩ বছর। আগামী সেপ্টেম্বরে পা রাখবেন চৌত্রিশে। এই বয়সে সবারই ক্যারিয়ার সূর্যটা অস্তাচলের দিকে হেলে পড়ে। তিনি সেরেনা বলেই টেনিস ইতিহাসের বয়োজ্যেষ্ঠ এক নম্বর, তিনি সেরেনা বলেই তাঁর ক্যারিয়ার গ্রাফটা এখনো ঊর্ধ্বমুখী। তাঁর ২০টি গ্র্যান্ড স্লামের ৭টিই এসেছে শেষ আড়াই বছরে! ২০ বছর আগে টেনিসে পা রাখা সেরেনার যোগ্য উত্তরসূরি হিসেবে যাঁদের ভাবা হয়েছিল, সেই মারিয়া শারাপোভা, আনা ইভানোভিচ, ক্যারোলিন ওজনিয়াকিরা এখনো সেরেনার ছায়ায় ঢাকা পড়ে আছেন। মধ্য বিশের পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কারাও চ্যালেঞ্জ জানাতে পারেননি। আর উদীয়মান ইউজিনি বুশার, স্লোন স্টিভেনসরা তো দিনকে দিন হাঁটছেন পেছনের দিকে!
হার না-মানা মানসিকতা সেরেনার একটা বড় শক্তি। ২০১২ ফ্রেঞ্চ ওপেনে ভার্জিনি রাদজানোর কাছে প্রথম রাউন্ডে যখন বিদায় নিলেন, তাঁর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তার আগের বছরটা কেটেছে গ্র্যান্ড স্লামহীন। চোট আর অসুস্থতাও সে বছর নাছোড়বান্দার মতো পিছু নিয়েছিল সেরেনার। ফুসফুসে রক্ত জমে গিয়েছিল। পরে পিপল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে হতাশ টেনিস-সম্রাজ্ঞী এও বলেছিলেন—‘সৌভাগ্য যে এখনো জীবিত আছি!’ সেরেনার এই ঘুরে দাঁড়ানোর পেছনের চরিত্রটি বোধ হয় কোচ ও বন্ধু প্যাট্রিক মুরাতোগলু ২০১২ সালের জুনে কোচ হিসেবে এই ফ্রেঞ্চম্যানকে নিয়োগ দেওয়ার পর থেকেই কোর্টে আবার সপ্রাণ সেরেনা, বেড়েছে আত্মবিশ্বাস, ভালো খেলার অনুপ্রেরণা।
সেই আত্মবিশ্বাস, অনুপ্রেরণার ফসল—২০তম গ্র্যান্ড স্লাম জয়। গল্পের মতোই শোনাবে, ফাইনালের আগের দিনও ভীষণ জ্বর ছিল তাঁর। ফাইনালের আগের অনুশীলনই তাই বাতিল করতে হয়েছিল। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পর্যন্ত আসেননি। খেলতে না পারার একটা ভয়ও পেয়ে বসেছিল সেরেনাকে, ‘অবস্থাটা এতই খারাপ ছিল যে, আমি আমার ফিজিওকে বলেও ছিলাম, ফাইনাল খেলা হবে কি না নিশ্চিত নই। আগের রাতে সত্যিই খুবই খারাপ অবস্থা ছিল আমার।’
উত্থান-পতনের লম্বা সিঁড়ি ভেঙে তাঁর যে এখন বৃহস্পতি চলছে, সেটাকে কত দিন ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার। মরিন কনোলি (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০), স্টেফি গ্রাফের (১৯৮৮) পর মহিলা টেনিসের তৃতীয় প্রতিযোগী হিসেবে বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি সেরেনা গড়তে পারবেন কি না তা সময়ই বলবে। তবে মার্টিনা নাভ্রাতিলোভা আর স্টেফির বিশ্বাস—সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভেঙে দেবেন সেরেনা। ৩৪ ছুঁই-ছুঁই বয়সেও যে ফর্ম, যে ফিটনেস, যে অনুপ্রেরণা—তাতে রেকর্ডটা তাঁর হতেই পারে! এএফপি, রয়টার্স।