ভক্তের কাছে নাদালের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে রাফায়েল নাদালকে হারিয়ে দেওয়ার পর লুকাস পুই l এএফপি
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে রাফায়েল নাদালকে হারিয়ে দেওয়ার পর লুকাস পুই l এএফপি

১১ বছর আগে রাফায়েল নাদাল যখন প্রথম লাল দুর্গে জেতেন, লুকাস পুইয়েরও বয়স ঠিক ১১। তখন থেকেই নাদালকে কোর্টের ধ্রুবতারা করেছেন, পুইয়ের কৈশোরের নায়ক ছিলেন ১৪ বারের গ্র্যান্ড স্লামজয়ীই। কী অদ্ভুত, সেই পুইয়ের কাছে হেরেই হয়তো শেষের ঘণ্টা বাজল নাদালের।
ভুলে যাওয়ার মতো একটা বছর গেল রাফায়েল নাদালের। স্প্যানিশ তারকাকে নিয়ে প্রশ্নটা তাই উঠেই যাচ্ছে। টেনিস কোর্টে এক যুগেরও বেশি সময় পার করে ফেলেছেন। ২০০৪ সালের পর প্রতিবছর অন্তত একটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কিন্তু এবার সেটাও হলো না, ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো। চার ঘণ্টা সাত মিনিটের রুদ্ধশ্বাস দ্বৈরথ। নাদাল ৬-১, ২-৬, ৬-৪, ৩-৬, ৭-৬ (৮/৬) গেমে হেরে গেছেন র্যাঙ্কিংয়ের ২৫ নম্বর খেলোয়াড় ফ্রান্সের লুকাস পুইয়ের কাছে।
হাঁটুর চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে নাদালকে। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। পরে কবজির চোটে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের পরেই সরে যেতে হয়েছে। উইম্বলডনে আর খেলতেই পারেননি। ইউএস ওপেনই ছিল একমাত্র আশার প্রদীপ হয়ে। কিন্তু সেটিও এবার নিভে গেল, শেষ আটে উঠতে না পারার ব্যর্থতা নিয়েই বিদায় নিতে হচ্ছে নাদালকে।
শেষ সেটে টাইব্রেকারে ৩-৬ ব্যবধানে পিছিয়ে থাকার পরও দারুণভাবে ফিরে আসেন নাদাল, তিনটি ম্যাচ পয়েন্টও বাঁচিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। উইনার মারতে গিয়েই পুইকে এনে দেন আনন্দের উপলক্ষ। সেটি নিয়ে অবশ্য নাদালের খেদ নেই, ‘আমি শেষ পর্যন্ত লড়াই করেছি। হয়তো আরও কিছু জিনিস আমি ঠিক করতে পারতাম, কিন্তু আমি সঠিক মানসিকতা নিয়েই খেলেছি। আমার হয়তো আরও কিছু করা উচিত ছিল, যেটা আজ সম্ভব হয়নি।’
পুই যেন জেতার পরও ছিলেন ঘোরের মধ্যে, ‘স্বপ্ন এর চেয়ে মধুর হতে পারে না।’ কৈশোরের নায়ক নাদালের কথাও তাঁর জন্য অনুপ্রেরণাদায়ী, ‘সে এখনো তরুণ। শীর্ষ দশে চলে আসারও সম্ভাবনা আছে তাঁর।’ স্নায়ুক্ষয়ী একটা ম্যাচের পর পুই অবশ্য চাইতে পারেন, পরের ম্যাচটাও লম্বা হোক। টানা তিনটি ম্যাচই যে পাঁচ সেটে গিয়ে জিতেছেন! এএফপি।