ভাইদের সঙ্গে খেলা, অসম্ভব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচের ভাগ্য ভালো। কারণ তাঁর ছোট দুই ভাই টেনিস খেললেও এখনো ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারেননি। হলে কী হতো? দুই ভাইয়ের সঙ্গে খেলা পড়লে হয়তো ওয়াকওভারই দিয়ে দিতেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আর যা-ই হোক ভাইয়ের বিপক্ষে খেলা যে অসম্ভব এক কাজ! আর এই অসম্ভব কাজটাই কিনা নিয়মিত করে যাচ্ছেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। আজ দুই বোনের ২৭তম লড়াইয়ের আগে জোকোভিচ তাই প্রশংসায় ভাসালেন উইলিয়ামস বোনদের।
পরশু গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ২৬তম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর কথা প্রসঙ্গে বললেন উইলিয়ামসদের কথা। ভাইদের সঙ্গে খেলা পড়লে কী অনুভূতি হতো সার্বিয়ান তারকা সেটাই বললেন প্রথমে, ‘ভাইয়ের সঙ্গে খেলা, সত্যি বলছি আমার মনে হয় না সেটা সম্ভবপর কোনো কাজ হতো।’
জোকার জোকোভিচের মুখে এরপরও শুধুই উইলিয়ামস বোনদের স্তুতি, ‘এত বড় মঞ্চে তারা যেভাবে বছরের পর বছর একে অন্যের বিপক্ষে খেলে যাচ্ছে তাতে তাদের প্রশংসা না করে পারি না। এটা অদ্ভুত। তারা বোন। তারা একসঙ্গে থাকে। একসঙ্গে টেনিস খেলেই তারা বড় হয়েছে।’
এরপর টানলেন ২০ ও ২১ বছর বয়সী নিজের ছোট দুই ভাই জর্দি ও মার্কোর প্রসঙ্গ, ‘আমি জানি না ভাইদের সঙ্গে আমার খেলা সম্ভব কিনা। এটা সম্ভব নয়। কোর্টে আমি ব্যাপারটা সামলাতেই পারব না।’ এএফপি।