ভাভরিঙ্কাকে হারিয়ে শেষ আটে রাওনিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি। দিনটিকে মনে রাখবেন মিলোস রাওনিচ। টেনিস সার্কিটে যাঁকে কখনো হারাতে পারেননি, সেই স্তানিসলাস ভাভরিঙ্কাকে এদিন হারালেন দারুণ এক ম্যাচে।
৬-৪, ৬-৪, ৫-৭, ৪-৬, ৬-৩—স্কোরলাইনই বলছে ম্যাচটি কতটা উপভোগ্য হয়েছিল। তৃতীয় ও চতুর্থ সেটে ভাভরিঙ্কার ঘুরে দাঁড়ানোর পর তো মনে হচ্ছিল এবারও বুঝি রাওনিচের জয় অধরাই থেকে যাবে। এর আগে দুজনের চারবারের সাক্ষাতে একবারও জিতে পারেননি রাওনিচ। ২০১৪ সালের চ্যাম্পিয়ন, চতুর্থ বাছাই ভাভরিঙ্কা এবারও ছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম দাবিদার। কিন্তু ৩ ঘণ্টা ৪৪ মিনিট লড়াইয়ের পর হেরে গেলেন ফর্মে থাকা রাওনিচের কাছে।
অস্ট্রেলিয়ান ওপেনের আগে ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে কানাডিয়ান রাওনিচ হারিয়ে দিয়েছিলেন ভাভরিঙ্কারই স্বদেশি রজার ফেদেরারকে। আর কালকের জয়ে নতুন বছরে অপরাজিতই থাকলেন ত্রয়োদশ বাছাই রাওনিচ। তাঁর এই ধারাবাহিকতার রহস্য কী? কোচ হিসেবে কয়েক সপ্তাহ আগে নিয়োগ দিয়েছেন স্পেনের সাবেক টেনিস খেলোয়াড় কার্লোস ময়াকে। নতুন কোচের কারণেই কোর্টে এখন আরও বেশি মাথা ঠান্ডা রেখে খেলতে পারেন বলে জানিয়েছেন রাওনিচ।
গতবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠেছিলেন। এবার সেই সাফল্যকেও ছাড়িয়ে যেতে চান। আগামী পরশু কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ গায়েল মনফিলস। ফরাসি এই খেলোয়াড় কাল জিতেছেন আন্দ্রেই কুজনেৎসভের বিপক্ষে। এদিন পুরুষ বিভাগে ডেভিড ফেরার ও অ্যান্ডি মারের জয়ে অন্য তিনটি কোয়ার্টার ফাইনালের লাইনআপ দাঁড়াল এ রকম—নোভাক জোকোভিচ-কেই নিশিকোরি, রজার ফেদেরার-টমাস বার্ডিচ, অ্যান্ডি মারে-ডেভিড ফেরার।
পুরুষ বিভাগে রাওনিচের মতো এদিন মহিলা বিভাগে আলোচিত চীনের ঝ্যাং সুয়াংয়ের শেষ আটে ওঠা। চোটের সঙ্গে লড়াইরত আমেরিকার ম্যাডিসন কিসকে হারিয়েছেন ঝ্যাং। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন ব্রিটেনের জোহানা কন্টার বিপক্ষে। ১৯৮৩ সালে জো ডুরির পর এই প্রথম কোনো ব্রিটিশ নারী অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন। চেক প্রজাতন্ত্রের বারবারা স্ট্রিচকোভাকে হারিয়ে এদিন শেষ আট নিশ্চিত করেছেন সাবেক নম্বর ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কাও। এএফপি।