ভাভরিঙ্কায় এবার 'বড় পাঁচ'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে ট্রফি, পেছনে আইফেল টাওয়ার। ফ্রেঞ্চ ওপেন জয়ের এক দিন পর ক্যামেরার সামনে স্তানিসলাস ভাভরিঙ্কা l এএফপি
হাতে ট্রফি, পেছনে আইফেল টাওয়ার। ফ্রেঞ্চ ওপেন জয়ের এক দিন পর ক্যামেরার সামনে স্তানিসলাস ভাভরিঙ্কা l এএফপি

বিস্ময়কর ব্যাকহ্যান্ড। দুর্দান্ত ফোরহ্যান্ড। চোখধাঁধানো এইস।
দারুণ সব শটের পসরা সাজিয়ে প্যারিসের লাল দুর্গ রোলাঁ গারো জয় করে নিলেন স্তানিসলাস ভাভরিঙ্কা। ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ফ্রেঞ্চ ওপেন, ভাভরিঙ্কার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ে টেনিস-ভক্তরাও একটু বৈচিত্র্যের স্বাদ পেলেন। গত ১০ বছরে ফেদেরার-নাদাল-জোকোভিচ-মারে, টেনিসের এই ‘বড়’ চারের বাইরে একাধিক গ্র্যান্ড স্লাম জিতলেন শুধু ভাভরিঙ্কাই।
এই সময়টায় ‘বড়’ চারের বাইরে পুরুষ এককটা জিতেছেনই বা কজন। ২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত একটি করে গ্র্যান্ড স্লাম ঘরে তুলেছেন শুধু হুয়ান মার্টিন দেল পোত্রো, স্তানিসলাস ভাভরিঙ্কা ও মারিন চিলিচ। ‘বড়’ চারের রাজত্বে দুবার গ্র্যান্ড স্লাম জয়ের আপাত-অসম্ভব কাজটা কী করে সম্ভব করলেন ভাভরিঙ্কা? আর কীভাবেই বা ফাইনালে নাজেহাল করে ছাড়লেন টানা ২৮টি ম্যাচ জিতে আসা বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচকে?
ফ্রেঞ্চ ওপেন জিতে র্যাঙ্কিংয়ে নয় নম্বর থেকে চারে উঠে আসা ভাভরিঙ্কা উত্তরটা দিলেন সংক্ষেপেই, ‘ব্যাকহ্যান্ডে ভরসা ছিল। দারুণ কিছু ব্যাকহ্যান্ড শট মেরেছিও।’
অসাধারণ সব ব্যাকহ্যান্ড মেরেই নামীদামি সব ভক্ত জুগিয়ে ফেলেছেন ফেদেরারের দেশের মানুষ ভাভরিঙ্কা। এদের মধ্যে সবার আগে থাকবেন সেরেনা উইলিয়ামস। ঠিক আগের দিন মেয়েদের একক জিতে নেওয়া সেরেনা ফাইনালে ভাভরিঙ্কার ব্যাকহ্যান্ড দেখে টুইট না করে পারেননি, ‘ওয়াও! শুধুই ওয়াও! আমি এ রকম খেলতে চাই!’ খেলোয়াড় থেকে টেনিস কোচের দায়িত্বে আসা ইভান লিউবিচিচতো ব্যাকহ্যান্ড শটকে বন্দুকের গুলির সঙ্গেই তুলনা করলেন, ‘হলি সুইস কাউ! ওগুলো তো গুলি।’
তবে সেরেনা-লিউবিচিচরা দেখেছেন বাইরে থেকে। সবচেয়ে কাছে থাকা জোকোভিচ তো দেখেছেন জালের ওপাশ থেকে। ‘ব্যাকহ্যান্ড গুলি’র মুখে পড়ে এবারও ফ্রেঞ্চ ওপেন থেকে খালি হাতে ফেরা জোকোভিচের মুখে তাই ভাভরিঙ্কা প্রশস্তি, ‘সম্ভবত ট্যুরের সেরা ব্যাকহ্যান্ড তারই। খুব জোরালো, বলটা ঘোরেও বেশি।’
তাহলে এবার ‘বড়’ পাঁচের রাজত্বের শুরু? বিনয়ী ভাভরিঙ্কা সোজাসুজিই না বলে দিলেন, ‘আমি বড় চারের মতো শক্তিশালী নই। ওঁরা তো সবকিছুই জিতেছে। তবে আমি তো অন্তত দুটি গ্র্যান্ড স্লাম জয়ের মতো শক্তিশালী। আমি ওঁদের বড় টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনালে হারিয়েছি। তবে আবারও বলব, বড় চার সব সময়ই বড় চার।’
বয়স হয়ে গেছে ৩০। প্রথম গ্র্যান্ড স্লামটাই জিতেছেন মাত্র ১৮ মাস আগে। নিজেকে চেনাতে, ফেদেরারের ছায়া থেকে বেরোতে একটু বেশি সময়ই কি লাগল না? ভাভরিঙ্কা ও রকম ভাবেন না। ক্যারিয়ারে যা কিছু অর্জন তাই নিয়েই তিনি সন্তুষ্ট, ‘যখনই ভাবি আমার (অলিম্পিক) সোনার পদক আছে, ডেভিস কাপ আছে, আছে দুটি গ্র্যান্ড স্লামও, কেমন জানি অদ্ভুত লাগে। ব্যাপারটা আসলেই বিস্ময়কর। কখনোই ভাবিনি ক্যারিয়ারটা এত দূরে আসবে। কখনোই ভাবিনি এতটা দাপটে খেলতে পারব।’ রয়টার্স।