ভিঞ্চিকে মনে রেখেছেন সেরেনা

গত ইউএস ওপেনে ধরেই নেওয়া হয়েছিল ইতিহাস গড়বেন সেরেনা উইলিয়ামস। কিন্তু ছন্দপতন হলো কি না সেমিফাইনালে! উন্মুক্ত যুগের মহিলা টেনিসে স্টেফি গ্রাফের সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলা এবং ইতিহাসের চতুর্থ প্রতিযোগী হিসেবে বছরের চারটি গ্র্যান্ড স্লামই জয়ের কাছাকাছি গিয়ে পারলেন না সেরেনা। প্রাক্-টুর্নামেন্ট হিসাবের বাইরে থাকা, র্যাঙ্কিংয়ের ৪২-এ থাকা ইতালির রবার্তা ভিঞ্চি আটকে দিলেন সেরেনাকে। সেমিফাইনালে অপ্রত্যাশিত সেই হারের ধাক্কা কাটিয়ে উঠতে সেরেনা গত বছর আর পেশাদার সার্কিটেই নামেননি!
সেই হারের ধাক্কাটা এত দিনে নিশ্চয়ই কাটিয়ে উঠেছেন আমেরিকান টেনিস তারকা। তবে ভিঞ্চিকে ভোলেননি। আবারও ভিঞ্চির মুখোমুখি হতে আগ্রহী কি না, এমন প্রশ্নে ৩৪ বছর বয়সী সেরেনার উত্তর, ‘সব সময়। আমি কার বিপক্ষে, কখন খেলছি, এটা কোনো ব্যাপার নয়। জিতি কিংবা হারি, সব সময়ই পরের ম্যাচটার দিকে অন্যদের মতো আমিও তাকিয়ে থাকি। আমি সত্যিই কোর্টে কাউকে এড়িয়ে যেতে চাই না।’
গত বছর উইম্বলডন জিতেই ২০০২-২০০৩ মৌসুমের পর আরেকটি ‘সেরেনা স্লাম’ বা টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি অর্জন করেছিলেন। তারপর থেকেই সবার চোখ ছিল সেরেনার ওপর। ইউএস ওপেনে ঘরের কোর্ট। সমর্থকভরা গ্যালারি। ফ্লাশিং মিডোয় জিতে মরিন কনোলি (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০) ও স্টেফি গ্রাফের (১৯৮৮) মতো সেরেনার ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামের চক্র পূরণ করাটাই ছিল স্বাভাবিক! সবকিছু ঠিকঠাকমতোই এগোচ্ছিল। কিন্তু সেমিতেই ভিঞ্চির দেয়াল হয়ে দাঁড়ানো। সেরেনা মনে করেন, ওই ম্যাচটাই ভিঞ্চির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। একটু একটু করে র্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে উঠে এসেছেন ভিঞ্চি। ৩২ বছর বয়সী এই ইতালিয়ান অচিরেই সেরা দশে জায়গা করে নেবেন বলেও বিশ্বাস সেরেনার, ‘সবচেয়ে বেশি যেটি চোখে পড়ছে তা হলো, সে ভালো তো খেলছেই, তার চেয়েও বড় ব্যাপার সে এখন আরও ধারাবাহিক। আমি নিশ্চিত, সেরা দশেই সে জায়গা করে নিতে চায়।’
র্যাঙ্কিংয়ের উন্নতি ঘটাতে ভিঞ্চিকে অস্ট্রেলিয়ান ওপেনেও আরও সিঁড়ি ভাঙতে হবে। কাল দ্বিতীয় রাউন্ড পেরোনো ইতালিয়ান অন্তত শেষ চারেই পৌঁছে যান না! সেরেনা মনে মনে হয়তো সেটাই চাইছেন। প্রতিশোধ বলে একটা ব্যাপার আছে না! মেলবোর্ন পার্কে ভিঞ্চি শেষ চারে উঠলেই যে তাঁর মুখোমুখি হতে পারেন সেরেনা। সম্ভাব্য লড়াইটার প্রস্তুতি হিসেবে ইউএস ওপেনের সেই ম্যাচটির ভিডিও ঘন ঘন দেখছেন বলে রসিকতাও করলেন ২১টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘হ্যাঁ, আমি এটা প্রতিদিন দেখি। প্রতি রাতে দেখি। এবং প্রস্তুতি নিই।’ এএফপি, টেনিসডটকম।