ভেনাসের কাছে পাত্তাই পাননি কন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডনের ফাইনালে উঠে উল্লসিত গারবিনিয়ে মুগুরুজা। স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে কাল সেমিফাইনালে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ টেনিস-কন্যা। আগামীকাল ফাইনালে শিরোপার লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ভেনাস উইলিয়ামস l রয়টার্স
উইম্বলডনের ফাইনালে উঠে উল্লসিত গারবিনিয়ে মুগুরুজা। স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে কাল সেমিফাইনালে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ টেনিস-কন্যা। আগামীকাল ফাইনালে শিরোপার লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ভেনাস উইলিয়ামস l রয়টার্স

সেরেনা নেই। উইম্বলডনে উইলিয়ামস পরিবারের পতাকা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ভেনাসের ওপর। সেটি তিনি ভালোভাবেই পালন করে যাচ্ছেন। এমনভাবেই যে কাল ব্রিটিশ প্রতিযোগী জোহানা কন্তাকে সরাসরি সেটে হারিয়ে উঠে গেছেন ফাইনালেই।

উইম্বলডনে ভেনাসের অভিষেক ২০ বছর আগে। এর আগে আটবার খেলেছেন ফাইনালে। জিতেছেন পাঁচটি শিরোপা, যার সর্বশেষটি এসেছে ২০০৮ সালে। সর্বশেষ ফাইনাল খেলেছেন ২০০৯ সালে। কিন্তু এখন এই ৩৭ বছর বয়সে কি আর ফাইনালে ওঠার আশা করতে পারতেন! কাল সেমিফাইনালের আগে এমন কথাও হচ্ছিল, ১১ বছরের ছোট কন্তার বাধা কি পেরোতে পারবেন? ভেনাস পেরেছেন, বাজিকরদের ফেবারিট কন্তাকে ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ফাইনালিস্ট তিনি! ২০০০ সাল থেকে গত বছর পর্যন্ত ১৭টি উইম্বলডনের মধ্যে সেরেনা ও ভেনাস মিলে জিতেছেন ১২টি। বড় বোনের চেয়ে দুটি বেশি জিতেছেন সেরেনা। তবে এবারের ফাইনাল জিতলে সেরেনার একটি রেকর্ড ভেঙে দেবেন ভেনাস। হয়ে যাবেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী গ্র্যান্ড স্লামজয়ী।

ম্যাচের প্রথম আটটি গেম সমানে সমানই লড়েছেন কন্তা-সেরেনা। ভার্জিনিয়া ওয়েডের জয়ের ৪০ বছর পর কোনো ব্রিটিশ নারী উইম্বলডন জিতবেন—পুরো জাতির এই আশার ভারে কন্তা নুয়ে পড়তে থাকেন নবম গেম থেকে। নবম গেমে নিজের সার্ভিস জিতে নেন ভেনাস। এরপর কন্তার সার্ভ ভেঙে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে তো ভেনাসের কাছে পাত্তাই পাননি কন্তা। দুটি সার্ভ ভেঙে ভেনাস সহজেই জিতে নেন ম্যাচ।

ফাইনালে ভেনাসের বাধা স্প্যানিশ তরুণী গারবিনিয়ে মুগুরোজা। ২৩ বছর বয়সী তারকা প্রথম সেমিফাইনালে স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন। তিন বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠেছেন ২০১৬ ফ্রেঞ্চ ওপেনজয়ী মুগুরোজা। এএফপি, রয়টার্স।