ভেনাস-রাদভানস্কার বিদায়

সাতটি গ্র্যান্ড স্ল্যামজয়ী ভেনাস উইলিয়ামস আরও একবার ব্যর্থ হলেন ফ্রেঞ্চ ওপেনে। মেয়েদের টেনিসের এই সাবেক এক নম্বর পরশু স্বদেশি স্লোয়ান স্টিভেনসের কাছে ৭-৬ (৭/৫), ৬-১ গেমে হেরে ছিটকে পড়েছেন প্রথম রাউন্ড থেকেই। তাঁর পথ ধরে বিদায় নিয়েছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কাও। জার্মানির আনিকা বেকের কাছে রাদভানস্কা হেরেছেন ৬-২, ৩-৬, ৬-১ গেমে।
ভেনাসের হারটাকে অবশ্য খুব বড় অঘটন বলা যাবে না। ক্লে কোর্টে সেরেনার বড় বোনের সেরা ফল রানার্সআপ, সেটাও ২০০২ সালে। সর্বশেষ চার বছরে একবারও দ্বিতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি। অন্যদিকে আগের তিন বছরেই অন্তত চতুর্থ রাউন্ড পর্যন্ত গেছেন স্টিভেনস। প্রথম সেটটা টাইব্রেক পর্যন্ত গেলেও দ্বিতীয় সেটে স্টিভেনসের সামনে দাঁড়াতেই পারেননি ভেনাস। ম্যাচ হেরে স্বভাবতই হতাশ যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা, আমার মনে হয়েছিল যে রোলাঁ গারোঁর জন্য আমার অনুশীলন ভালোই হয়েছে। কিন্তু সব সময় আপনার মনমতো সবকিছু হয় না।
জয় দিয়ে এবারের ফ্রেঞ্চ ওপেন মিশন শুরু করেছেন মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। রুশকন্যা ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার কাইয়া কানোপিকে। তবে জয়ের পর কোর্টে সাক্ষাৎকার দিতে রাজি না হওয়ায় দর্শকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছে তাঁকে। শারাপোভা অবশ্য পরে জানিয়েছেন, তাঁর গলায় সমস্যা ছিল বলে কথা বলতে পারেননি!
পুরুষ এককে তৃতীয় বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারে ৬-৩, ৬-৩ এবং ৬-১ গেমে আর্জেন্টিনার ফাকুন্ডো আরগুয়েলোকে হারিয়ে পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে। এএফপি, রয়টার্স।