ভয় শুধু নেকড়ে আর নিয়তিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন তাঁকে ‘জোকার জোকোভিচ’ বলা হয়, সেটা এই ছবিটাই খানিক বলে দেয়! অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন পরশু, কাল নোভাক জোকোভিচ নির্ভার ঘুরে বেড়ালেন মেলবোর্নে। বাচ্চাদের একটা দিবা পরিচর্যাকেন্দ্রেও গিয়েছিলেন। সেখানেই শিশুদের সঙ্গে মজা করলেন l রয়টার্স
কেন তাঁকে ‘জোকার জোকোভিচ’ বলা হয়, সেটা এই ছবিটাই খানিক বলে দেয়! অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন পরশু, কাল নোভাক জোকোভিচ নির্ভার ঘুরে বেড়ালেন মেলবোর্নে। বাচ্চাদের একটা দিবা পরিচর্যাকেন্দ্রেও গিয়েছিলেন। সেখানেই শিশুদের সঙ্গে মজা করলেন l রয়টার্স

নোভাক জোকোভিচও তাহলে ভয় পান! ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পরশু ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। ফাইনালে রীতিমতো উড়িয়েই দিয়েছেন বন্ধু মারেকে। এমন দাপুটে ফর্মে থাকা জোকোভিচের ভয় পাওয়ার কথা শুনে অবিশ্বাস্যই ঠেকবে। না, কোনো প্রতিদ্বন্দ্বীকে ভয় পাচ্ছেন না, পুরুষ টেনিসের এক নম্বর তারকার ভয় নিয়তিকে।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন জোকোভিচ। এটিপি রেটিংয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ১৭ হাজার পয়েন্ট ছোঁয়ার পথে। র্যা ঙ্কিংয়ে দুইয়ে থাকা অ্যান্ডি মারের সঙ্গে ব্যবধান প্রায় ৮ হাজার পয়েন্ট। তারপরও টেনিসে জোকোভিচের আধিপত্য নিয়ে সামান্য প্রশ্ন থাকলেও সেটা উবে গেছে পরশুর ফাইনালেই। সরাসরি সেটে জিতেছেন ফাইনাল। সেমিফাইনালেও রজার ফেদেরারকে নিয়ে রীতিমতো ‘খেলেছেন’। টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য ফেদেরারই বলেছিলেন, জোকোভিচ টেনিসের ‘বিগ ফোরে’র মধ্যে পড়েন না, তাঁর জায়গা আসলে আরও ওপরে। এই সার্বিয়ান তারকা প্রতিদিন যেন সত্য প্রমাণ করে যাচ্ছেন ফেদেরারের কথা। জোকোভিচ এখন যে ফর্মে আছেন, তাতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আসলেই অনেক এগিয়ে। কিন্তু জোকোভিচ এক মুহূর্তের জন্যও নিজেকে নিরাপদ ভাবেন না। তাঁর মতে, টেনিসের শীর্ষ তারকারা একঝাঁক ক্ষুধার্ত নেকড়ে, ‘ওরা সবাই ক্ষুধার্ত, এক নম্বরে আসার জন্য লড়ছে প্রতি মুহূর্তে, প্রতি সপ্তাহেই চেষ্টা করে যাচ্ছে শীর্ষে ওঠার জন্য।’ আর এটাও তাঁর জানা যে, ‘পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা নেকড়ের তুলনায় পাহাড় চড়তে থাকা নেকড়েরাই বেশি ক্ষুধার্ত। আপনি যখন শীর্ষে থাকেন, তখন আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়।’
গত বছর চারটি গ্র্যান্ড স্লামেই ফাইনালে খেলেছেন, তিনটিতেই বিজয়ী। এখন অধরা ফ্রেঞ্চ ওপেন জেতার অপেক্ষা, তাহলেই ক্যারিয়ার স্লামটাও হয়ে যাবে। অবশ্য যেভাবে খেলছেন, বছরের চারটি গ্র্যান্ড স্লাম কিংবা ‘গোল্ডেন স্লাম’ জিততে পারেন তিনি। তবে জোকোভিচ এতটা আত্মবিশ্বাসী হতে রাজি নন, ‘এভাবে ভাবা ঠিক নয়। কারণ, এ ধরনের চিন্তা মানেই নিজেকে বড় কিছু ভাবা। তখন নিয়তিই আপনার গালে চড় মেরে জানিয়ে দেবে আপনি আসলে কিছুই না।’ এএফপি।