মনফিলস কি আসলেই জিততে চাননি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ইউএস ওপেনে মনফিলস বিস্ময়েরই জন্ম দিয়েছেন l এএফপি
পরশু ইউএস ওপেনে মনফিলস বিস্ময়েরই জন্ম দিয়েছেন l এএফপি

নোভাক জোকোভিচ কিছুটা বিহ্বল। সেটি অবশ্য শোকে নয়, বিস্ময়েই। ক্যারিয়ারে তো জয় অনেকেই পেয়েছেন, গ্র্যান্ড স্লামের ফাইনালেও উঠেছেন অনেকবার, কিন্তু এমন জয় কি আগে পেয়েছেন? যে ম্যাচে প্রতিপক্ষকে দর্শকের কাছ থেকে ‘গা ছেড়ে দেওয়ার’ জন্য দুয়ো শুনতে হয়, সেটিতে জয়ের পর জোকোভিচের একটু ‘অস্বস্তি’ হতেই পারে!
পরশু প্রচণ্ড আর্দ্রতায় হাঁসফাঁস করতে থাকা আর্থার অ্যাশ স্টেডিয়ামের সব দর্শককেই চমকে দিয়েছেন গায়েল মনফিলস। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল, অথচ প্রথম ১৫ মিনিটেই জোকোভিচ ৫-০ গেমে এগিয়ে! মনফিলস এরপরই হঠাৎ করে যেন ম্যাচটা ‘ছেড়েই দিলেন’! বেসলাইনে মোটামুটি ঠায় দাঁড়িয়েই জোকোভিচের সার্ভ ফেরত পাঠাচ্ছিলেন। দর্শকদের মধ্যে শুরুতে মৃদু ফিসফাস, এরপর শুরু হয়ে গেল দুয়ো। সেই কৌশলে কাজও হলো, এরপর টানা তিন গেম জিতলেন। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, ওই সেট হেরে গেলেন ৬-৩ গেমে।
শেষ পর্যন্ত ম্যাচটাও হেরেছেন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-২ গেমে। এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে। গরমে ওষ্ঠাগত জোকোভিচ দুবার ‘মেডিকেল টাইম আউট’ নিয়েছেন, তার আগে একবার হতাশায় জার্সিও ছিঁড়ে ফেলেছেন। কিন্তু ম্যাচ শেষে প্রশ্ন উঠে গেছে, শুরুতে মনফিলস অমন গা ছেড়ে দিয়ে খেলছিলেন কেন? জন ম্যাকেনরোর মতো কেউ কেউ তো অপেশাদারির অভিযোগও তুললেন। ম্যাচ শেষে জোকোভিচও বললেন চমকে যাওয়ার কথা, ‘গায়েলের সঙ্গে খেলা এমনিতেই একটু অন্য রকম, ও কী করবে সেটা আগে থেকে অনুমান করাই কঠিন। আমি শুধু ওর খেলাই টিকিট কেটে দেখতে রাজি।’
কিন্তু মনফিলস অমন করেছিলেন কেন? বিশ্বের ১০ নম্বর খেলোয়াড়ের দাবি, সেটি ছিল কৌশলের অংশ, ‘আমি আসলে জোকোভিচকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করছিলাম। খুব দ্রুতই ৫-০ হয়ে গেল, আমাকে কিছু একটা বদলাতেই হতো। আমার তো মনে হয় এটা কাজেই দিয়েছে। টেনিস একভাবেই খেলতে হবে, এ রকম তো কোনো কথা নেই। ও এত ভালো মারছিল, আমিও ভালো সার্ভ করতে পারছিলাম না, তখন আর কী করা! ও ডাবল ফল্ট করতে শুরু করল, আমি আস্তে একটা বল মারলাম। এরপর সে নেটে চলে এল, আমি পাসিং শট খেললাম। আমি তো বলব দারুণ একটা কৌশল।’
ম্যাচ ‘ছেড়ে দেওয়ার’ অভিযোগে খুবই চটেছেন মনফিলস, ‘হ্যাঁ, অবশ্যই আমি লড়েছি। অনেক প্রশ্নের মুখে পড়তে হতো বলে সবাই এটা করতে পারত না, কারণ এটা স্বাভাবিক নয়। প্রথম প্রশ্নই হতো, আপনি লড়েননি। ওই লোকটা এত ভালো। কিছু বদলাতে সাহস লাগে, আমি দেখিয়েছি অপ্রথাগতভাবেও খেলা যায়।’ জোকোভিচও মেনে নিচ্ছেন মনফিলসের কথা, ‘ও যদি এ রকম কিছু বলে, তাহলে সেটা বিশ্বাস করতেই হবে। মনে হচ্ছিল, ও হয়তো ঠিকভাবে চেষ্টা করছে না, এরপর সে দারুণ খেলেছে।’
পরশুর অন্য সেমিফাইনালে অবশ্য শুধু টেনিসই ছিল আলোচনায়। তাতে প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত ৪-৬, ৭-৫, ৬-৪, ৬-২ গেমে কেই নিশিকোরিকে হারিয়ে তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। এএফপি, রয়টার্স।