মরণপণ লড়েও হারলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ। ছবি: এএফপি।
আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ। ছবি: এএফপি।

১৮ — অন্য সবার কাছে একটা সাধারণ সংখ্যা। কিন্তু রজার ফেদেরারের কাছে? একটা গেরো। মরীচিকা। নিয়ত অপেক্ষা। সেই ২০১২ উইম্বলডনের পর থেকেই বারবার আশা জাগিয়েও যেটি তাঁর সঙ্গে প্রতারণা করে চলছে। ওপেন যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়টি ‘১৭’ থেকে আর শিরোপা সংখ্যায় ওপরে উঠতেই পারছেন না।
একের পর এক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট আসে, আশাটা ডালপালা মেলে— এবার আসছে ফেদেরারের ১৮তম শিরোপা! সেটি আর আসে না, শেষ হয় আক্ষেপ নিয়ে। আরেকবার নতুন মোড়কে পুরোনো গল্পটিই উপহার দিল এবারের অস্ট্রেলিয়ান ওপেন। ভালো খেলছিলেন। সেমিফাইনালেও উঠে এসেছিলেন ফেদেরার। কিন্তু আজ সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে স্বপ্নটাকে আরেকবার জলাঞ্জলি দিয়ে ফিরে গেলেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়।

জোকোভিচ জিতেছেন ৬-১, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে। স্কোর দেখে এই প্রতিবেদনের শিরোনামটিকে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। স্কোরলাইনের কোনো অংশে মরণপণ দূরে থাক, লড়াই-ই ছিল না । কিন্তু ফেদেরার লড়াই করেছেন। তৃতীয় ও চতুর্থ সেটের অনেকটা সময় ধরে ‘৩৪ বছরের বুড়ো’ কথাটাকেই বুড়ো আঙুল দেখিয়ে প্রাণপণ লড়াই করে গেছেন সুইস কিংবদন্তি। কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছেন জোকোভিচের আক্রমণাত্মক টেনিসের কাছে।
প্রথম দুই সেটের গল্পটা অবশ্য স্কোরলাইনের মতোই। সে সময়টাতে যেন সামলানোর অসাধ্য ছিলেন জোকোভিচ। ম্যাচ শেষে নিজেই এই দুই সেটকে বলেছেন ‘অবিশ্বাস্য’। জয়ের ভিতও গড়ে দিয়েছে এই দুই সেট। তবে এই দুটি সেট দেখেই যারা গ্যালারি ছেড়ে বা টিভির পর্দার ছেড়ে চলে গেছেন, তাঁরা পরের দুই সেটের দুর্দান্ত টেনিসটা মিস করেছেন।
প্রবল দাপট দেখিয়ে তৃতীয় সেটে ফিরে আসেন ফেদেরার। দুর্দান্ত কিছু এইস, কিছু ব্যাকহ্যান্ড, অসাধারণ নেট প্লে—যেন নিজের সেরা ফর্মে থাকা সেই পুরোনো ‘ফেডেক্স’। তৃতীয় সেট জিতে নেওয়ার পর প্রত্যাবর্তনের সম্ভাবনাও জাগিয়েছিলেন ফেদেরার। কিন্তু তাতে বাগড়া দিল বৃষ্টি। বিরতিটা হয়তো ফেদেরারের ‘মোমেন্টাম’টাই নিয়ে গেল।
চতুর্থ সেটে প্রথম ছয় গেম ভালোই লড়েছিলেন। যে যার সার্ভ জিতে নিয়ে ৩-৩ সমতায় ছিলেন। কিন্তু পরের তিন গেমে আবার ম্যাচের শুরুর দিকের কথা মনে করিয়ে দিলেন জোকোভিচ। প্রথম দুই সেটের মতো ফেদেরারকে কোণঠাসা করে রেখে সেট ও ম্যাচ জিতে নিলেন ‘জোকার’। ম্যাচ শেষে বলছিলেন, ফেদেরার-নাদালদের মতো সেরাদের সঙ্গে খেলাটা তাঁর সেরাটাই বের করে আনে। আরেকবার সেটির প্রমাণ দেখালেন ২৮ বছর বয়সী সার্বিয়ান।
এই নিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জোকোভিচ। এর আগের পাঁচবারই জিতেছেন। মিলোচ রাওনিচ বা অ্যান্ডি মারে— অন্য সেমিফাইনালে কাল যে-ই জিতুন, রেকর্ড বলছে, ফাইনাল জেতা তাঁর জন্য কঠিনই হবে। সনি-ইএসপিএন।