মা হচ্ছেন সেরেনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিস কোর্টে বিস্ময় কম উপহার দেননি সেরেনা উইলিয়ামস। তাই বলে গর্ভে সন্তান নিয়ে গ্র্যান্ড স্লাম জয়! কাল স্ন্যাপচ্যাটে সেরেনার দেওয়া ছবি ও এর ক্যাপশন তো বলছে এবারের অস্ট্রেলিয়ান ওপেনটা গর্ভে সন্তান নিয়েই জিতেছেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক জেতা টেনিস তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে কাল সাঁতারের পোশাক পরা নিজের ছবি দিয়ে সেরেনা লিখেছেন ‘২০ সপ্তাহ’। ছবিতে স্পষ্ট বোঝা গেছে সন্তানের মা হতে চলেছেন সেরেনা। পরে অবশ্য সেরেনা ছবিটি মুছে ফেলেছেন। উইলিয়ামস পরিবারের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ৩৫ বছর বয়সী সেরেনার সঙ্গে গত ডিসেম্বরে বাগদান হয়েছে রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর হাঁটুর চোটের কথা বলে আর কোর্টে নামেননি সেরেনা। রয়টার্স।