মায়ের শারাপোভা

চার বছর বয়সে বাবার হাত ধরে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর নিক বলেত্তিয়েরির একাডেমিতে সুযোগ পাওয়া, জুনিয়র গ্র্যান্ড স্লামে দুবার ফাইনালে ওঠা...মারিয়া শারাপোভা সিঁড়িগুলো পেরিয়ে গেছেন তরতর করে। রুশ টেনিস খেলোয়াড়ের ম্যাচে একটা দৃশ্য চোখে পড়ে প্রায়ই, বাবা ইউরি শারাপভ শ্যেনদৃষ্টি রাখছেন মেয়ের খেলায়। শুধু তো জন্মদাতা বাবাই নন, ইউরি তো মেয়ের কোচও। শারাপোভার সাফল্যের পেছনে বাবার অবদান কতটা, সেটাও ধীরে ধীরে জেনে গেছে পুরো দুনিয়া। কিন্তু মা এলেনা সব সময় পাদপ্রদীপের বাইরেই ছিলেন। আজকের এই শারাপোভা হয়ে ওঠার পেছনে তাঁর অবদান কতটা, সেটাই এবার জানালেন পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী।
টেনিস খেলায় বাবার হাত ধরে এসেছিলেন। তবে শারাপোভা জানাচ্ছেন, মা তাঁকে উৎসাহ দিতেন আরেক জায়গায়, ‘ছোটবেলা থেকেই আমি টেনিসে প্রচুর সময় দিতাম। বাবা তো সঙ্গে ছিলেনই। আমার মনে হয় মায়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, আমি সময়মতো বাড়ির কাজ শেষ করছি কি না, পড়াশোনায় কোনো ক্ষতি হচ্ছে কি না।’ শুধু পড়াশোনা নয়, মা প্রেরণা ছিলেন আরও অনেক কিছুতে, ‘আমার মনে আছে তিনি আমাকে নিয়ে ব্যালে নাচে যেতেন। নিয়ে যেতেন আর্ট ক্লাসেও। খেলার জগতের বাইরেও দুনিয়া কতটা বিশাল, তখন বুঝতে শিখেছিলাম। এই আমির অনেকটুকুই তাঁর জন্য। আমাকে ঠিক পথ দেখিয়েছেন, দুনিয়াটা বুঝতে শিখিয়েছেন।’
তবে এসব কিছু, মায়ের কাছে পাওয়া শারাপোভার সবচেয়ে বড় শিক্ষার নাম শৃঙ্খলা, ‘শৃঙ্খলা আপনার লক্ষ্য ঠিক করতে তো বটেই, পরিকল্পনা অনুযায়ী সেগুলো পেতেও সাহায্য করবে। আমার মা আমাকে এই শিক্ষা দিয়েছিলেন। জীবনের সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য।’ মেইল অনলাইন।