
ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল শেষে অ্যান্ডি মারের অশ্রুভেজা মুখ নিশ্চয়ই এখনো ভুলতে পারেননি টেনিসপ্রেমীরা? আরেকটি গ্র্যান্ড স্লাম ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে আবেগটা আটকাতে পারেননি এই স্কটিশ। তখন কে ভাবতে পেরেছিল, নভেম্বরের শুরুতে সেই জোকোভিচকেই পেছনে ফেলে র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠবেন মারে!
মারে নিজেও ভাবতে পারেননি। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে, তবে পরশুই প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠে মারে নিশ্চিত করেছেন শীর্ষে ওঠা। ১৯৭৩ সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর ২৬তম খেলোয়াড় হিসেবে চূড়ায় উঠলেন মারে। তবে এক দিক থেকে মারে অনন্য, ব্রিটিশ কোনো খেলোয়াড় হিসেবে যে তিনিই প্রথম।
কাজটি সহজ ছিল না মোটেও। ফ্রেঞ্চ ওপেনের পর জোকোভিচের চেয়ে ৮ হাজার পয়েন্ট পিছিয়ে ছিলেন মারে। এই কয়েক মাসেই সে পাহাড় ডিঙিয়ে ফেলেছেন। মারে নিজেও সেটা আশা করেননি, ‘আমি এত পিছিয়ে ছিলাম। কতগুলো ম্যাচ জিততে হতো! ফ্রেঞ্চ ওপেনে হারার পর আমি এতটাই হতাশায় ভুগছিলাম, কখনোই আশা করিনি শীর্ষে উঠতে পারব।’
ফ্রেঞ্চ ওপেনের পরই ঘুরে দাঁড়িয়েছেন। জিতেছেন উইম্বলডন, অলিম্পিক সোনাও। আর উল্টো দিকে ক্রমেই পিছিয়ে পড়েছেন জোকোভিচ, ‘খেলায় সবকিছু খুব দ্রুত ঘটে এবং এটা খুব অদ্ভুত একটা খেলা। নোভাক কাল (৪ নভেম্বর) এমন একজনের কাছে হেরেছে যার বিপক্ষে এর আগে টানা ১৪ ম্যাচে জিতেছে।’
টেনিসে গত এক যুগ এতটাই প্রভাব বিস্তার করেছেন জোকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার যে ২০০৪ সালের পর মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে র্যাঙ্কিং-শীর্ষে উঠলেন মারে। মারের তৃপ্তিটা এখানেই, ‘সবচেয়ে তৃপ্তিদায়ক বিষয় হলো, এটা খুব কঠিন কাজ ছিল। কারণ আমার আগে যারা শীর্ষে ছিল তারা সবাই দুর্দান্ত। টেনিস ইতিহাসেরই অন্যতম সেরা তিন খেলোয়াড়।’