মারে-জকোভিচ দ্বৈরথের অপেক্ষা

ইউএস ওপেনে দারুণ এক দ্বৈরথের পথ সুগম হলো গতকাল। নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে চতুর্থ রাউন্ডে নিজেদের প্রতিপক্ষকে পরাভূত করে নিশ্চিত করেছেন দারুণ এক কোয়ার্টার ফাইনালের।
সার্বিয়ান তারকা জকোভিচ কোয়ার্টার ফাইনালে স্থান করে নেওয়ার লড়াইয়ে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হননি। ২২তম বাছাই জার্মানির ফিলিপ কোরেশক্রেইবারকে তিনি হারিয়েছেন ৬-১, ৭-৫, ৬-৪ গেমে। সেই তুলনায় মারে মোটামুটি শক্ত লড়াই লড়েই নিশ্চিত করেছেন নিজের শেষ আট। ফরাসি তারকা জো-উলফ্রেড সোঙ্গাকে তিনি ঘাম ঝরিয়ে হারিয়েছেন ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে।
জকোভিচ ও মারের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসটা অবশ্য ঝুঁকে আছে সার্বিয়ান তারকার দিকেই। জকোভিচের ১২ জয়ের বিপরীতে মারের জয় ৮। তবে গ্র্যান্ডস্লামের ইতিহাসে এই দুজনের দ্বৈরথ-সাফল্য সমানে সমান। এখন পর্যন্ত টেনিসের এলিট প্রতিযোগিতায় এই দুজনের জয় দুটি করে।
রোমাঞ্চের এই কোয়ার্টার ফাইনালের জন্য রীতিমতো মুখিয়ে আছেন অ্যান্ডি মারে। তিনি এই ম্যাচকে অভিহিত করেছেন ‘কঠিন ম্যাচ’ হিসেবে। জকোভিচের সঙ্গে লড়াইয়ের রোমাঞ্চও তাঁর কাছে সুখস্মৃতিই, ‘আমরা দুজনে বেশ কয়েকটি দীর্ঘ লড়াইয়ে নেমেছি। এই প্রতিযোগিতাতেই কয়েক বছর আগে আমাদের লড়াইটা ছিল দারুণ রোমাঞ্চকর। সেটা আমার জন্য এক দারুণ সুখস্মৃতিই হয়ে আছে।’
টানা ২২ বারের মতো কোনো গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিলেন জকোভিচ। ২০০৯ সালে এই কোরেশক্রেইবারের কাছে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে গ্র্যান্ডস্লামের শেষ আটে উঠতে পারেননি তিনি।
পুরো ব্যাপারটিতে দারুণ উচ্ছ্বসিত জকোভিচ। এতগুলো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে পা রাখা সম্পর্কে তিনি বলেন, ‘এটা একটা বিরাট সাফল্য। এই সাফল্য প্রমাণ করে, আমি গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতাগুলোকে কতটা মর্যাদা দিই। আমি সব সময়ই মুখিয়ে থাকি যেকোনো গ্র্যান্ডস্লামে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সফল হতে।’ এএফপি।