মারেকে উড়িয়ে দিলেন ফেদেরার
সেই সার্ভ ও ভলি। সেই ভয়ংকর ব্যাকহ্যান্ড। ঠিক যেন আগের ফেদেরার। পরশু ৩৩ বছর বয়সী ফেদেরারের বিধ্বংসী রূপই দেখল টেনিস-বিশ্ব। র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা অ্যান্ডি মারেকে উড়িয়ে দিয়েছে ৬-০, ৬-১ গেমে! মাত্র ৫৬ মিনিটের এই হারে এটিপি ট্যুর ফাইনালস থেকে ছিটকে গেছেন মারে।
ফেদেরার-মারে দ্বৈরথটা কদিন আগেও ছিল দারুণ আগ্রহোদ্দীপক। এর আগের ২১ বারের সাক্ষাতে ১১-১০ ব্যবধানে এগিয়ে ছিলেন মারেই। সেই মারেকে কীভাবেই না বিধ্বস্ত করলেন ফেদেরার! প্রথম সেটে ৬-০, একপর্যায়ে দ্বিতীয় সেটেও ৫-০-তে এগিয়ে গিয়েছিলেন সুইস মাস্টার। তাঁর তখন হয়তো মনে পড়ে যাচ্ছিল ২০০৫ সালের গ্যাস্টন গাউদিয়োর বিপক্ষে ম্যাচটির কথা। এই টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে সেই ম্যাচটি ফেদেরার জিতেছিলেন ৬-০, ৬-০ গেমে! ঘরের মাঠে শেষ পর্যন্ত মারের নামের পাশে যখন ১ পয়েন্ট যোগ হলো, তখনই উল্লাসে ফেটে পড়লেন দর্শকেরা! সিএনএন, এএফপি।