মারেকে এটিপির হুঁশিয়ারি
২০১২ সালে ইউএস ওপেন জিতে ফ্রেড পেরির কীর্তি স্পর্শ করেছিলেন অ্যান্ডি মারে। ৭৬ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ পুরুষ খেলোয়াড় হিসেবে জিতেছিলেন গ্র্যান্ড স্লাম। ব্রিটিশ টেনিস তারকার সামনে এখন পেরির আরেকটি কীর্তি ছোঁয়ার সুযোগ। পেরিদের আমলেই সর্বশেষ ১৯৩৬ সালে ডেভিস কাপ জিতেছিল গ্রেট ব্রিটেন। কীর্তিটা ছুঁতে আগামী নভেম্বরের ফাইনালে বেলজিয়ামকে হারাতে হবে মারেদের। মারে সুযোগটা হারাতে চান না, তাই ঘোষণাই দিয়ে দিয়েছেন ডেভিস কাপের প্রস্তুতির জন্য দরকার হলে খেলবেন না এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস।
মারের এই ঘোষণায় নড়েচড়ে বসেছে পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি। সংস্থাটি জানিয়ে দিয়েছে, বছর শেষের টুর্নামেন্টে খেলাটা ‘বাধ্যতামূলক’। একান্ত চোটে না পড়লে মারে যেন প্রস্তুত থাকেন লন্ডনের ওটু অ্যারেনায় ট্যুর ফাইনালসে খেলার জন্য।
এবারের ডেভিস কাপের ফাইনাল হওয়ার কথা ক্লে কোর্টে। ট্যুর ফাইনালস হবে হার্ড কোর্টে। ট্যুর ফাইনালস শেষ হওয়ার পাঁচ দিন পরই শুরু ডেভিস কাপ। এই অল্প সময়ে ক্লে কোর্টে মানিয়ে নিতে সমস্যা হতে পারে ভেবেই মারে নিজেকে সরিয়ে নিতে চাইছিলেন। চার দিন আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৩৭ বছর পর ডেভিস কাপের ফাইনালে উঠেছে ব্রিটেন। এএফপি।