মারেকে বিদায় করে দিলেন অ্যান্ডারসন

‘চতুর্থ রাউন্ডের খেলোয়াড়’ অপবাদ সেঁটে গিয়েছিল তাঁর গায়ে। এর আগে ২৬টি গ্র্যান্ড স্লামে খেলেছেন। কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি। অস্ট্রেলিয়ান ওপেনে তিনবার চতুর্থ রাউন্ডে ছিটকে পড়েছেন, ফ্রেঞ্চ ও উইম্বলডনের চতুর্থ রাউন্ডে বিদায় নিয়েছেন দুবার করে। সর্বশেষ গত উইম্বলডনে নোভাক জোকোভিচের কাছে প্রথম দুই সেটে এগিয়ে গিয়েও জেতা হয়নি। অবশেষে ২৭তম চেষ্টায় সফল কেভিন অ্যান্ডারসন। পরশু প্রথমবারের মতো উঠলেন কোয়ার্টার ফাইনালে। সেটিও তৃতীয় বাছাই মারেকে ৭-৬ (৭/৫), ৬-৩, ৬-৭ (২/৭), ৭-৬ (৭/০) গেমে হারিয়ে।
অ্যান্ডারসনের জয়ে টানা ১৮তম কোয়ার্টার ফাইনাল খেলার ধারাবাহিকতায় ছেদ পড়ল অ্যান্ডি মারের। ২০১২ সালে এই ফ্লাশিং মিডোতেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন। পরিষ্কার ফেবারিট ছিলেন এই ম্যাচেও। অ্যান্ডারসন এর আগে গ্র্যান্ড স্লামে র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা খেলোয়াড়দের সঙ্গে ১৫টি ম্যাচ খেলে কোনো জয় পাননি। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সেই অ্যান্ডারসনই ৪ ঘণ্টা ১৮ মিনিটের ম্যাচে মারেকে হারিয়ে ১৯৯২ সালে ওয়েইন ফেরেইরার পর দক্ষিণ আফ্রিকার প্রথম পুরুষ প্রতিযোগী হিসেবে উঠে গেলেন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে।
মারের হারের দিনে রজার ফেদেরার বড় একটা বাধা পেরিয়েছেন। জন ইসনারকে ৭-৬ (৭/০), ৭-৬ (৮/৬), ৭-৫ গেমে হারিয়ে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ইসনার জোরালো সার্ভের জন্য বিখ্যাত। তবে ফেদেরারও এদিন দারুণ সার্ভ করেছেন। জিতেছেন নিজের সব সার্ভিস গেমই। প্রথম দুই সেট টাইব্রেকারে জেতার পর তৃতীয় সেটে ইসনারের সার্ভিস ব্রেক করেই পেয়েছেন চূড়ান্ত জয়টা। এর আগে ইউএস ওপেনে টানা ১০৮টি সার্ভিস গেম জিতেছিলেন ইসনার। সার্ভিস নিয়ে তাঁর আরেকটি গর্বও ভেঙে দিয়েছেন ফেদেরার। ইসনারের খেলা ৪২৯টি টাইব্রেকারে এই প্রথম ৭-০ পয়েন্টে পরাজয়! এএফপি, রয়টার্স।