
অ্যান্ডি মারেকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন নোভাক জকোভিচ। বুধবার ফ্লাশিং মেডোয় ফ্লাডলাইটের আলোয় এই বহু কাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনাল সাক্ষী ছিল দুর্দান্ত এক লড়াইয়ের। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরই ব্রিটিশ তারকার বিপক্ষে জয় পেয়েছে সার্বিয়ান জকোভিচ। সেমিফাইনালে জকোভিচের প্রতিপক্ষ জাপানের কেই নিলিকোরি।
হেরে গেলেও এই ম্যাচে দারুণ খেলেছেন অ্যান্ডি মারে। খেলায় বেশ কয়েকটি দীর্ঘ লড়াই দেখেছেন দর্শকেরা। অনেকে বলছেন, গত বছর পিঠে অস্ত্রোপচারের পর মারে তাঁর সেরা খেলাটাই খেলেছেন এই ম্যাচে। খেলায় ৭-৬ (১), ৬-৭, ৬-২, ৬-৪ গেমে জকোভিচ জিতলেও রূদ্ধশ্বাস এই লড়াইয়ে দর্শকদের অভিবাদন ঠিকই পাচ্ছেন এই ব্রিটিশ তারকা।
জয়ের পর জকোভিচের কণ্ঠে ছিল রুদ্ধশ্বাস লড়াই-জয়ের স্বস্তি, ‘অসম্ভব শারীরিক শক্তিনির্ভর একটা ম্যাচ খেললাম। এই ম্যাচ জেতাটা সত্যিই তৃপ্তিদায়ক।’
প্রতিপক্ষ মারের প্রতি শ্রদ্ধাও ছিল জকোভিচের কণ্ঠে, ‘প্রথম দুই সেট ছিল দুর্দান্ত। মারে তার সেরাটাই দিয়েছে। মারের সেরাটা প্রতিহত করতে আমাকেও আমার সেরাটাই দিতে হয়েছে। এই ম্যাচে মারে ছিল অসম্ভব আগ্রাসি। আগ্রাসন দিয়েই শেষ পর্যন্ত আগ্রাসি টেনিসের মোকাবিলা করতে হয়েছে।’ রয়টার্স।