মায়ামির রানি সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে ট্রফি হাতে সেরেনা উইলিয়ামস। পরশু মায়ামি ওপেনে কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে এই ট্রফি জিতেছেন সেরেনা  l এএফপি
মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে ট্রফি হাতে সেরেনা উইলিয়ামস। পরশু মায়ামি ওপেনে কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে এই ট্রফি জিতেছেন সেরেনা l এএফপি

১৯টি গ্র্যান্ড স্লামের মালিক। অথচ একই টুর্নামেন্ট ৮ বার করে বিজয়ীদের ক্লাবে ছিলেন না সেরেনা উইলিয়ামস। মায়ামি ওপেন জিতে পরশু টেনিসের এই কুলীন ক্লাবে পা রাখলেন মার্কিন টেনিস তারকা।
মায়ামি ওপেনের ফাইনালে স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে একরকম উড়িয়েই দিয়েছেন সেরেনা। ৬-২, ৬-০ গেমে ম্যাচটি জিততে সময় নিয়েছেন মাত্র ৫৬ মিনিট। শনিবার অষ্টম শিরোপা জয়ের আগে সেরেনা মায়ামি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৭, ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে। মার্টিনা নাভ্রাতিলোভা, স্টেফি গ্রাফ, ক্রিস এভার্টের পর উন্মুক্ত যুগের চতুর্থ মহিলা খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে কমপক্ষে ৮ বার চ্যাম্পিয়ন হলেন সেরেনা। অবশ্য আলাদা সাতটি টুর্নামেন্ট ৮ বার করে জিতে নিজেকে অন্য উচ্চতায় রেখেছেন মার্টিনা নাভ্রাতিলোভা। একই টুর্নামেন্ট সবচেয়ে বেশি ১২ বার জয়ের রেকর্ডটিও তাঁর। যা ছুঁতে আরও চারবার মায়ামি ওপেন জিততে হবে সেরেনাকে। পারবেন? সেরেনার উত্তর, ‘মনে হয় হবে না। আমি আবার যখন এখানে খেলব তখন কত বয়স হবে?’ হাতের আঙুল গুনে ৩৩ বছর বয়সী সেরেনা যোগ করলেন, ‘প্রার্থনা করি, যেন একই টুর্নামেন্ট ১২ বার চ্যাম্পিয়ন না হতে হয় আমাকে।’
আপাতত আটবার জিতেই খুশি সেরেনা। গত মাসেই চোটের কারণে ইন্ডিয়ানা ওয়েলস থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নিজেকে। সেরেনার ফাইনাল জয়ের প্রতিক্রিয়ায় এল সে প্রসঙ্গও, ‘৮ বার টুর্নামেন্ট জিততে পারাটা সত্যিই ভালো একটা ব্যাপার। এই সপ্তাহের শুরুতেও আমি ভাবতে পারিনি অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হতে পারব আমি।’ রয়টার্স, এএফপি।
এক টুর্নামেন্টে বেশিবার চ্যাম্পিয়ন
১২ মার্টিনা নাভ্রাতিলোভা শিকাগো
১১ মার্টিনা নাভ্রাতিলোভা ইস্টবোর্ন
৯ মার্টিনা নাভ্রাতিলোভা ওয়াশিংটন
মার্টিনা নাভ্রাতিলোভা উইম্বলডন
মার্টিনা নাভ্রাতিলোভা ডালাস
স্টেফি গ্রাফ জার্মান ওপেন
৮ সেরেনা উইলিয়ামস মায়ামি ওপেন
মার্টিনা নাভ্রাতিলোভা ট্যুর চ্যাম্পিয়নশিপ
মার্টিনা নাভ্রাতিলোভা লস অ্যাঞ্জেলেস