মুখ খুললেন ওজনিয়াকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের সম্পর্ক এসে দাঁড়িয়েছিল নতুন বাঁকে। নতুন করে স্বপ্ন দেখার শুরু। সংসার সাজানোর পরিকল্পনা যখন মাথায়, ক্যারোলিন ওজনিয়াকি জানতে পারলেন, ঘর বাঁধা হচ্ছে না তাঁদের। খবরটা পেয়েছিলেন ররি ম্যাকইলরয়ের টেলিফোনে। অন্য প্রান্ত থেকে প্রেমিক ম্যাকইলরয়ের কথা শুনে সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন টেনিসের সাবেক এক নম্বর।
দুজনের সম্পর্কচ্ছেদ হয়েছে মে মাসে। নতুন করে এটি খবরে আসার কারণ, সেই সম্পর্কচ্ছেদ নিয়ে আমেরিকান এক টেলিভিশন শোতে এই প্রথম খোলামেলা বলেছেন ডেনিশ টেনিস তারকা। মনে করা হয়েছিল, সমঝোতার ভিত্তিতেই সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা। কিন্তু ওজনিয়াকি যা বলছেন, তাতে এটা ম্যাকইলরয়ের পক্ষ থেকেই করা হয়েছে। অবাক করা ব্যাপার, সম্পর্কে ইতি টানার বিষয়টি ম্যাকইলরয় ওজনিয়াকিকে জানিয়েছেন টেলিফোনে। ‘আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল, এটা অন্তত দুজনে সামনাসামনি বসে আলোচনা করার বিষয়। কিন্তু সেটা হয়নি। সেটা ছিল একটা টেলিফোন কল। এবং এরপর তার কাছ থেকে আর কিছু শুনতে পাইনি’—ইন ডেপথ উইথ গ্রাহাম বেনসিঙ্গার শোতে বলেছেন ওজনিয়াকি।
২০১১ সালে তাঁদের সম্পর্কের শুরু। গত বছর ডিসেম্বরে উপহার হিসেবে ম্যাকইলরয় ২ লাখ ১২ হাজার ডলার মূল্যের আংটি পরিয়ে দেন ওজনিয়াকির অনামিকায়। পরের মাসেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বাগদানের ঘোষণা। ঠিক ছিল, বিয়েটা হবে নভেম্বরে। কিন্তু নভেম্বরের ৬ মাস আগেই তাঁদের সম্পর্কের ইতি। ওজনিয়াকির দাবি, সম্পর্কচ্ছেদ নিয়ে শুরু থেকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ম্যাকইলরয়। এমনকি সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছেন। যা মোটেও পছন্দ হয়নি তাঁর।
জীবন তো আর কারও জন্য থেমে থাকে না! ররি ম্যাকইলরয়কে ছাড়াই মানিয়ে নিতে শিখেছেন ক্যারোলিন ওজনিয়াকি। পাঁচ বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল খেললেন মাত্রই শেষ হওয়া ইউএস ওপেনে। এখন নতুন সঙ্গীর সন্ধান। কী রকম ছেলে তাঁর পছন্দ, সেটিও জানিয়েছেন ওজনিয়াকি, ‘আমার পছন্দের লোকটি হবে একটু লম্বা, যাতে আমি উঁচু হিল পরতে পারি। আমি আমার পছন্দের সঙ্গে আপস করব না। আমি এমন একজনকে খুঁজছি যে হবে সৎ, মজার মানুষ আর কখনোই নিজেকে খুব সিরিয়াসলি নেবে না।’

কত দিনে এমন একজন মনের মানুষ পান ওজনিয়াকি, সেটাই দেখার। দ্য গার্ডিয়ান।