
অঘটন দিয়েই শুরু হয়েছিল ইউএস ওপেন। র্যাঙ্কিংয়ের ১২ নম্বর তারকা ডোমিনিকা সিবুলকোভাকে হারিয়ে দিয়েছিলেন ১৫ বছর বয়সী ক্যাথেরিন বেলিস। গতকাল তৃতীয় রাউন্ডের খেলায় ঘটেছে আরও কয়েকটি বড় অঘটন। ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস উইলিয়ামস হেরে গেছেন ইতালির সারা ইরানির কাছে। আরও কয়েকটি অঘটন তোলপাড় ফেলেছে ইউএস ওপেনে। সবাই মেয়েদের এককে।
মেয়েদের এককেই র্যাঙ্কিংয়ের ১২১তম অবস্থানে থাকা লুসিচ বারোনি হারিয়েছেন ইউএস ওপেনের দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে। ১৯৯৯ সালে উইম্বলডনে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন ৩২ বছর বয়সী বারোনি। এরপর গতকালই প্রথমবারের মতো পেরিয়েছেন ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের বাধা। চতুর্থ রাউন্ডে তাঁকে খেলতে হবে ভেনাসকে হারানো সারা ইরানির বিপক্ষে।
তৃতীয় রাউন্ডে সবচেয়ে বড় চমকটি দিয়েছেন ১৭ বছর বয়সী বেলিন্ডা বেনসিচ। সুইজারল্যান্ডের এই তরুণী ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই আনজেলিক কারবারকে।
কোনো ধরনের অঘটনের মুখে অবশ্য এখন পর্যন্ত পড়তে হয়নি শিরোপার অন্যতম প্রধান দাবিদার মারিয়া শারাপোভাকে। তৃতীয় রাউন্ডে শারাপোভা ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সাবিনা লিসিস্কিকে। চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিন ওজনিয়াকি।— রয়টার্স