মেলবোর্নে অদ্ভুত 'কারবার'

পারলেন না সেরেনা উইলিয়ামস। টেনিসের ওপেন যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের সংখ্যায় স্টেফি গ্রাফকে ছোঁয়ার সুযোগটা আরও একবার হাতছাড়া করলেন মার্কিন টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের কাছে ৪-৬, ৬-৩, ৪-৬ গেমে হেরে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা। গত বছরের ইউএস ওপেনের পর এই অস্ট্রেলিয়ান ওপেন, টানা দুবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে হেরে গেলেন ২১টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ।
ম্যাচের আগে বলেছিলেন, ‘সবাই বলবে, ও-ই ফেবারিট। তবে আমিও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমার হারানোর কিছু নেই।’ সেটিই প্রমাণ করলেন। মেলবোর্ন পার্কে জ্বলে উঠে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন কারবার।
শুরু থেকেই নিজের উদ্যম ধরে রেখে খেলছিলেন কারবার। প্রথম দুই গেমে নিজের সার্ভিস জিতে নিলেন দুজন। তৃতীয় গেমে এসেই চিত্রনাট্য উলটে গেল। সেরেনার করা দ্বিতীয় সার্ভিসটা ব্রেক করে দিলেন কারবার। অবশ্য জার্মান তারকার আনন্দটা বেশিক্ষণ টিকল না। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা কিছুক্ষণ পরই ‘শোধ’ নিয়ে নিলেন, ব্রেক করলেন কারবারের তৃতীয় সার্ভিস গেম। সেটে ৩-৩ সমতা।
এরপর কারবার বার্তা দিয়ে দিতে চাইলেন, ‘তুমি যা পার, আমি-ও পারি।’ পরের গেমেই আবার সেরেনার সার্ভিস ব্রেক করলেন ২৮ বছর বয়সী জার্মান। সেটটাও জিতে নিলেন ৬-৪ এ। অনেক দিন পর একটু ভিন্ন স্বাদ পেলেন সেরেনা। ২০১১ ইউএস ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালের প্রথম সেটে হারলেন।
একটু কী অহমে আঘাত লাগল সেরেনার? দ্বিতীয় সেটে যে আবারও তিনি টেনিসের অগ্নিকন্যা। পাওয়ার টেনিসের প্রদর্শনীতে বশে নিয়ে এলেন র্যাঙ্কিংয়ের ছয়ে থাকা কারবারকে। ৬-৩ এ জিতে নিলেন সেট। দুই সেটে দুই ভিন্ন সেরেনার মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে আসলে ‘আনফোর্সড এরর’। প্রথম সেটে যেখানে ২৩টি অযাচিত ভুল করেছিলেন, দ্বিতীয় সেটে সেটি কমে এল ৫-এ! সঙ্গে এই সেটে ১৬টি উইনার তো আছেই।
টুর্নামেন্টের শেষ ম্যাচে এসে আরেকটা ‘প্রথমে’র দেখা পেলেন সেরেনা। এর আগে টুর্নামেন্টে কোনো ম্যাচেই তিন সেটে যেতে হয়নি তাঁকে। সবগুলো ম্যাচই জিতেছিলেন সরাসরি সেটে। অবশ্য তৃতীয় সেটের রেকর্ড তাঁর পক্ষে ছিল। তিন সেটে গড়িয়েছে, এর আগে এমন ৮টি টুর্নামেন্টের ফাইনালে হারেননি সেরেনা।
তবে এই সেটেও দুজন মিলে দেখিয়েছেন টেনিসের দুর্দান্ত প্রদর্শনী। সেরেনার সামনে সুযোগ ওপেন যুগে মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ (স্টেফি গ্রাফের সমান ২২টি), আর কারবারের প্রথম। জয়ের তাড়না কারোরই কম নয়। তাতে লাভ হলো মেলবোর্ন পার্কের দর্শকসারিতে আর টিভির পর্দার সামনে থাকা দর্শকদের। এমন ম্যাচের দেখা কী আর প্রতিদিন মেলে! একটু বাড়তি দেওয়ার চেষ্টা, কোর্টের এদিক-ওদিক দৌড়ানো, সেরেনার উইনার পাওয়ার পর হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার, কিংবা কারবারের নির্বিকার ভঙ্গিতে ভয়ংকর স্পিন... স্রেফ বিশুদ্ধ টেনিস বিনোদন!
তৃতীয় সেটটা দুলল পেন্ডুলামের কাঁটার মতো। তবে প্রবাদের এই কল্পিত কাঁটা দুই ঘর করে এগোচ্ছিল। সেটে প্রথম গেম সার্ভ করে জিতে গেলেন কারবার, এরপর সেরেনার সার্ভিসও ব্রেক করলেন। ২-০। ঠিক ‘রিভার্স গিয়ারে’ চলল পরের দুটি গেম। কারবারের সার্ভিস ব্রেক করে পরে নিজের সার্ভিস আবার জিতে নিলেন কারবার। ২-২! এবার আবার কারবারের পালা। নিজের সার্ভিস জিতলেন, সেরেনার সার্ভিসও ব্রেক করলেন। তবে এই গেমটিই হয়তো হয়ে রইল পুরো ম্যাচের বিজ্ঞাপন। নিষ্পত্তি হতে লেগেছে পাঁচটি ব্রেক। কারবার ৪-২ সেরেনা। পরে নিজের সার্ভিস গেমও জিতে ব্যবধান করে ফেললেন বাড়িয়ে নিলেন আরেকটু।
আর একটি গেম। তাহলেই প্রথম শিরোপা কারবারের। কিন্তু সেরেনাই বা এত সহজে হার মানবেন কেন! শেষ একবার চেষ্টা করলেন ফিরে আসার। নিজের সার্ভিস জিতলেন, কারবারের সার্ভিস ব্রেক করলেন। ৫-৩। এরপর আবার সেরেনার সার্ভিস। ফিরে আসতে পারবেন তিনি? নাকি নতুন একজন রানী পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া ওপেন?
পরেরটাই হলো। ম্যাচে এত এত ব্রেক হয়েছে, এমন ম্যাচের শেষটাও ব্রেক দিয়েই হবে - সেটি হয়তো নিয়তিই ছিল। সেরেনার সার্ভিসটা ব্রেক হতেই মাটিতে শুয়ে পড়লেন কারবার। মুখে হাত, হাসি-কান্নার মিশ্র অনুভূতি। হয়তো নিজেই বুঝে উঠতে পারছিলেন না, প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের অনুভূতি ঠিক কেমন! সূত্র: সনি-ইএসপিএন।