মেয়েদের বিভাগে অঘটনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের পর উচ্ছ্বসিত নাদাল l এএফপি
জয়ের পর উচ্ছ্বসিত নাদাল l এএফপি

শুরুর আগেই নিজের অর্ধের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তৃতীয় বাছাই মারিয়া শারাপোভাকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে দেখেছেন সেরেনা উইলিয়ামস। পরশু ইউএস ওপেন শুরুর দিনে আর্থার অ্যাশ স্টেডিয়ামে পা রাখার আগেই পেলেন আরও সুখবর। তাঁর অর্ধের সেরা দশের আরও তিনজন সপ্তম বাছাই আনা ইভানোভিচ, অষ্টম বাছাই ক্যারোলিনা প্লিসকোভা ও দশম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোও বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। হেরেছেন ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনাকে হারিয়ে আলোচিত হওয়া স্লোন স্টিভেনসও।
তৃতীয় রাউন্ডে সেরেনার সম্ভাব্য প্রতিপক্ষ ছিলেন স্টিভেনস। উন্মুক্ত যুগের সর্বোচ্চ ২১টি স্টেফি গ্রাফের গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়া এবং ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামপ্রত্যাশী সেরেনার ফাইনালের পথ প্রথম দিনেই অনেকটা মসৃণ হয়ে উঠেছে তাঁর অর্ধে থাকা দুটি গ্র্যান্ড স্লাম জয়ী সভেতলেনা কুজনেৎসোভা ও সাবেক এক নম্বর ইয়েলেনা ইয়াঙ্কোভিচের বিদায়েও। কাল অঘটন ঘটেছে অন্য অর্ধেও, চেক প্রজাতন্ত্রের ষষ্ঠ বাছাই লুসি সাফারোভাকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে দিয়েছেন ইউক্রেনের অবাছাই লেসিয়া সুরেঙ্কো।
সেরেনার শুরুটা হয়েছে তাঁর মতোই। বিশ্বের ৮৬ নম্বর খেলোয়াড় ভিতালিয়া দিয়াতচেঙ্কোর বিপক্ষে প্রথম সেটে জেতেন ৬-০ গেমে। দ্বিতীয় সেটেও যখন ২-০তে এগিয়ে সেরেনা, চোটের কারণে কোর্ট থেকে উঠে যান দিয়াতচেঙ্কো।
মেয়েদের বিভাগে অঘটনের ঘনঘটা, তবে ছেলেদের বিভাগে বড় অঘটন বলতে একটাই—কেই নিশিকোরির বিদায়। গতবারের রানারআপ, চতুর্থ বাছাই জাপানের নিশিকোরি ৬-৪, ৩-৬, ৪-৬, ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে হেরে গেছেন অবাছাই, ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে থাকা ফ্রান্সের বেনোঁয়া পেয়ারের কাছে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বিদায় নিলেন আগেরবার ফাইনাল খেলা কোনো খেলোয়াড়। তবে জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন মারিন চিলিচ, শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও দুবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। এএফপি।
কোর্টে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা নাদালের প্রতিপক্ষ ছিলেন বরনা কোরিচ। গত বছর বাসেলে তাঁর কাছেই হেরে গিয়েছিলেন নাদাল। তবে এবার জিতেছেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক। পানিশূন্যতার কারণে কোর্টে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে ছিলেন না দুবারের ইউএস ওপেনজয়ী। ১৮ বছরের সম্ভাবনাময় ক্রোয়াট কোরিচকে নাদাল হারিয়েছেন ৬-৩, ৬-২, ৪-৬, ৬-৪ গেমে।