মেয়ের কারণে টেনিসে মজেছেন টাইসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে মিলানের সঙ্গে মাইক টাইসন l ফাইল ছবি
মেয়ে মিলানের সঙ্গে মাইক টাইসন l ফাইল ছবি

গত ইউএস ওপেন চলার সময় বার কয়েকই গ্যালারিতে দেখা গেছে তাঁকে। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল—সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন কি তাহলে টেনিসে মজেছেন? সেই প্রশ্নের উত্তর মিলেছে। ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডকে টাইসন জানিয়েছেন, আসলেই টেনিসে মজেছেন তিনি। যেটির কারণ হলো, তাঁর সাত বছরের মেয়ে মিলান টেনিস খেলে। ফক্স স্পোর্টস।
মিলানকে জোকোভিচ-সেরেনাদের খেলা দেখাতেই গত ইউএস ওপেনের সময় তাকে ফ্লাশিং মিডোয় নিয়ে এসেছিলেন। মেয়ের কারণে টেনিসের খোঁজখবরও ভালোই রাখেন। এতটাই যে, টেলিভিশনে রিও অলিম্পিকের বক্সিংও দেখেননি, কিন্তু মেয়েদের টেনিসের সোনা কে জিতল, সেটি ঠিকই জানেন! টাইসনের সাক্ষাৎকার নেওয়া সাংবাদিককে বিস্মিত করে দিয়ে টাইসন বলেছেন, ‘বক্সিং দেখিনি। তবে আমি জানি, টেনিসে পুয়ের্তোরিকার একটা মেয়ে তাঁর দেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছে। সে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়কে হারিয়েছে।’ বিস্ময় ঘোচাতে বললেন, ‘এখন এটাই আমার জীবন। আমি এখন টেনিস-বাবা।’ মেয়ে খেলা শুরুর আগে টেনিস নিয়ে বিন্দুমাত্র আগ্রহও ছিল না টাইসনের। ইউএস ওপেনে দেখতে এসেই বলেছিলেন, ‘জীবনে কখনো কল্পনাও করিনি, আমি এখানে আসব।’ মেয়ের কারণে টেনিস খেলতে কোর্টেও নেমেছেন। তা কেমন খেলেন টাইসন? নিজেই উত্তর দিলেন, ‘জঘন্য।’