ম্যাকেনরোকে চ্যালেঞ্জ করবেন সেরেনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই কোর্টের বাইরে সেরেনা উইলিয়ামস। আর সন্তানসম্ভবা যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকার পক্ষে কোনোভাবেই কোর্টে নামা সম্ভব নয়। ৫৮ বছর বয়সটা ব্যাপার নয়, জন ম্যাকেনরো সেরেনার বিপক্ষে র‍্যাকেট হাতে দাঁড়াতে পারবেন না অন্য কারণে। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এই টেনিস খেলোয়াড়ের মেয়েরা চাইছেন না তাঁদের বাবা সেরেনার বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’-এ নামুন।

হঠাৎ করে ব্যাটল অব সেক্সেস, ম্যাকেনরো-সেরেনা টেনিস-যুদ্ধের কথা কেন আসছে? ম্যাকেনরোর মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি বেফাঁস মন্তব্যের সূত্রেই এটি আসছে। বেশি কথা বলার অভ্যাস তাঁর সেই খেলোয়াড়ি জীবন থেকেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা বেড়েছে বৈ কমেনি। গত রোববার এনপিআর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পুরুষদের সার্কিটে খেললে সেরেনা র‍্যাঙ্কিংয়ে ৭০০ নম্বরে থাকতেন! এরপর থেকেই বেচারা ম্যাকেনরো পড়েছেন বিপদে। যেখানেই যাচ্ছেন, একটা প্রশ্ন শুনতে হচ্ছে—সেরেনাকে কেন সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় তিনি মনে করেন না?

প্রশ্নটি ম্যাকেনরোকে সর্বশেষ শুনতে হয়েছে ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবেয়ার’-এ গিয়ে। গ্র্যান্ড স্লামে সাতটি একক আর নয়টি দ্বৈত শিরোপাজয়ী ম্যাকেনরো তুমুল করতালির মধ্যে অনুষ্ঠানে আসেন। তবে উপস্থাপক কোলবেয়ার প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে দর্শকদের দুয়ো ধেয়ে যেতে থাকে ম্যাকেনরোর দিকে। এনপিআর রেডিওতে ম্যাকেনরোর করা মন্তব্যটি যে মেনে নিতে পারেনি সেরেনা-ভক্তরা। গত মঙ্গলবার রাতের শোতে ম্যাকেনরোকে পেয়ে কোলবেয়ারও খুব করে চেপে ধরেন। মনে করিয়ে দেন, ২০১৫ সালে উইম্বলডন জয়ের পর সেরেনাকে তিনিই শতবর্ষের সেরা টেনিস খেলোয়াড় আখ্যা দিয়েছিলেন।

এরপর ম্যাকেনরো ব্যাখ্যা করেন, এনপিআর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কোন প্রেক্ষাপটে সেরেনাকে নিয়ে অমন মন্তব্য করেছিলেন। নিজের বেশি কথা বলার অভ্যাসটি স্বীকার করে নিয়েই ৫৮ বছর বয়সী ম্যাকেনরো বলতে থাকেন, ‘আমাকে সেরেনা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। আমি বলেছিলাম সেরেনা সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড়। এরপর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, “নারী টেনিস খেলোয়াড় কেন বলতে হবে? তিনি কি সর্বকালের সেরা নন?” আমি এরপর বলি, একটু অপেক্ষা করুন। আমরা কি নারী বাস্কেটবল খেলোয়াড়দের সম্পর্কে এটা বলি যে তাঁরা মাইকেল জর্ডানের মতো ভালো কি না?’ এরপরই র‍্যাঙ্কিংয়ের প্রসঙ্গটি টেনে বলেন, ‘সেরেনা যদি পুরুষদের সার্কিটে খেলত, তাহলে বিষয়টি অন্য রকম হতো। সেরেনা সে ক্ষেত্রে হয়তো ৭০০তম স্থানে থাকত।’

ম্যাকেনরো ৭০০ নম্বর বলেছেন বলেই হয়তো বিবিসি ওই অবস্থানে থাকা পুরুষ খেলোয়াড়টিকে খুঁজে বের করার চেষ্টা করেছে। কথা বলেছে ৭০১ নম্বরে থাকা রুশ টেনিস খেলোয়াড় দিমিত্রি তুরসুনভের সঙ্গে। বিবিসিকে তুরসুনভ বলেছেন, ‘আমি হয়তো সেরেনার বিপক্ষে জিতব।’ কদিন আগেও মেয়েদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন সেরেনা। তবে অনেক দিন ধরে খেলছেন না বলে এখন রয়েছেন চতুর্থ স্থানে। সব মিলিয়ে ক্যারিয়ারে জিতেছেন ৩৭টি গ্র্যান্ড স্লাম। যার ২৩টিই এককে। এসব কথাবার্তা সেরেনার ভালো লাগার কথা নয়। যুক্তরাষ্ট্রের টেনিস তারকা জবাবটাও দিয়ে দিয়েছেন ম্যাকেনরোকে, ‘প্রিয় জন, আমি আপনার প্রশংসা করি এবং আপনাকে শ্রদ্ধাও করি। কিন্তু দয়া করে আমাকে আপনার এসব কথার বাইরে রাখুন। এসব কথা বাস্তবতাবিবর্জিত।’

সেরেনা চটেছেন। আর ম্যাকেনরোও মজা করে বলেছেন, ‘সে এখন সন্তানসম্ভবা। এখন হয়তো তার সঙ্গে খেলতে পারতাম আমি।’ কে জানে সেরেনা সন্তানসম্ভবা না হলে হয়তো টেনিস বিশ্ব আরেকটা ব্যাটল অব সেক্সেস দেখে ফেলতে পারত! এমন টুকটাক কথার লড়াই থেকেই তো চ্যালেঞ্জ গড়ায় কোর্টে। টেনিস এর আগে ব্যাটল অব সেক্সেস দেখেছে তিনটি।