পৃষ্ঠপোষক জটিলতায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া নিয়ে সংশয় ছিল বাংলাদেশ দলের। শেষ পর্যন্ত ফেডারেশন পৃষ্ঠপোষক জোগাড় করে ৭ এপ্রিল দলকে চীনে পাঠালেও ভোগান্তি পিছু ছাড়েনি। বিমান টিকিটে নামের বানান ভুল থাকায় বাংলাদেশ মহিলা দলের খেলোয়াড় সাদিয়া রহমান মৌকে চীনের কুনমিং বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ঘণ্টা তিনেক আটকে রেখেছিল।
ভুল বানানের বিষয়টি টিকিট হাতে পাওয়ার পরপরই ফেডারেশনকে জানিয়েছিলেন সাদিয়া। কিন্তু ফেডারেশন কর্মকর্তারা নাকি এটিকে পাত্তাই দেননি। কাল সাদিয়ার মা শাহনাজ পারভীন বলছিলেন, ‘টিকিট হাতে নিয়েই সাদিয়া দেখে ইংরেজিতে লেখা রহমান বানানের “আর” অক্ষরটি দুবার লেখা হয়েছে। বিষয়টি ফেডারেশনের এক কর্মকর্তাকে জানানোর পরও তিনি গুরুত্ব দেননি। কিন্তু পরে কোনো সমস্যা হবে কি না সেটা নিয়ে ভয়ে ছিলাম আমরা।’
সমস্যাটা ঢাকা বিমানবন্দরে হয়নি। কুনমিং থেকে সাংহাইয়ে যাওয়ার ট্রানজিট বিমানে ওঠার সময়ই সাদিয়াকে আটকে দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ততক্ষণে সাদিয়ার বোর্ডিং পাস ইস্যু হয়ে গিয়েছিল। তাঁকে আটকে দেওয়ায় বিপদে পড়েন দলের বাকি খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত সিনিয়র খেলোয়াড় মানস চৌধুরী ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বুঝিয়ে নতুন একটি বিমান টিকিট কেনেন। ভাগ্য ভালোই বলতে হবে সাদিয়ার। তিন ঘণ্টা বসে থাকার পর অবশেষে নির্ধারিত বিমানেই সাংহাইয়ে পৌঁছান দলের সঙ্গে। সাংহাইয়ের পাশের শহর উশিতে বসেছে এবারের এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ।
দলের সঙ্গে ডেলিগেট হিসেবে ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর ও ম্যানেজার হিসেবে সহসভাপতি জাহাঙ্গীর হোসেনের যাওয়ার কথা ছিল। কিন্তু গত পরশু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের কারণে এই দুই কর্মকর্তার কেউই ওই দিন দলের সঙ্গে যাননি। নির্বাচনের পর পরশু গভীর রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তাঁরা। এভাবে অভিভাবকহীন একটি দল পাঠানোয় ভীষণ ক্ষুব্ধ টিটি ফেডারেশনের আরেক সহসভাপতি সাইদুল হক সাদী, ‘বিষয়টি খুবই দুঃখজনক। কোনো অফিশিয়াল তাঁদের সঙ্গে যাননি। রাস্তায় তো আরও বড় দুর্ঘটনাও ঘটতে পারত। এটা দায়িত্বহীন ঘটনা। বিষয়টি জানার পর নিজেরাই লজ্জিত হয়েছি।’
এশিয়ান টিটিতে শুরুতেই হার: অনুশীলন ছাড়া এশিয়ান টিটির মতো গুরুত্বপূর্ণ আসরে গিয়ে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে পুরুষ দলগত বিভাগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছে হেরেছে ৩-০ সেটে। মহিলা দলগত বিভাগেও একই ফল, মালয়েশিয়া ও ভিয়েতনামের কাছে হার ৩-০ সেটে।