রাজশাহীতে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিস

২২টি দেশের প্রায় ৮৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণে রাজশাহীতে শুরু হয়েছে আন্তর্জাতিক জুনিয়র (অনূর্ধ্ব–১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার নগরের জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে, জাপান, থাইল্যান্ড, কেনিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, ফিলিপাইন, আইসল্যান্ড, ডমিনিকান রিপাবলিক। বাংলাদেশের মোট ২৬ জন (১৯ ছেলে ও ৭ মেয়ে) খেলোয়াড় অংশগ্রহণ করছে এ প্রতিযোগিতায়।
রোববার প্রতিযোগিতার বাছাইপর্বের পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার থেকে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার পর্দা নামবে ১৬ নভেম্বর।